বেতন বৈষম্য নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্ষোভ নতুন নয়। নায়কদের আকাশছোঁয়া পারিশ্রমিকের তুলনায় নায়িকাদের পাওনা যে নগণ্য, তা নিয়ে মুখ খুলেছেন অনেকেই। এমনকী কোনও ছবি ফ্লপ করলে নায়িকাদের পারিশ্রমিক নাকি আরও কমিয়ে দেওয়া হয়। এবার তা নিয়ে সরব হলেন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে প্রশ্ন করা হলে ওয়ামিকা বলেন, ‘আসলে ইন্ডাস্ট্রিতে এটা খুব স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়, তুমি মহিলা। ফলে কম পারিশ্রমিক পাবে। এখনও মনে করা হয়, একজন নায়ক অনেক বেশি সংখ্যক দর্শককে হলমুখী করতে পারেন। কিন্তু আমার প্রশ্ন, নায়িকাদের ছাড়া কি কোনও নায়ক বাণিজ্যসফল ছবি করতে পারবেন? এই যুক্তিটাই বুঝতে পারি না। কোনও নায়কের ছবি ফ্লপ করলেও তাঁর পারিশ্রমিকে কোনও হেরফের হয় না।’



