Bartaman Logo
২৭ মে, ২০২৬

অতুল সুভাষ আত্মহত্যা কাণ্ড: অবশেষে পুলিসের হাতে গ্রেপ্তার অভিযুক্ত স্ত্রী, শাশুড়ি ও শ্যালক

অতুল সুভাষ আত্মহত্যা কাণ্ড: অবশেষে পুলিসের হাতে গ্রেপ্তার অভিযুক্ত স্ত্রী, শাশুড়ি ও শ্যালক
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
হায়দরাবাদ, ১৫ ডিসেম্বর: আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অবশেষে পুলিসের হাতে গ্রেপ্তার অতুল সুভাষের স্ত্রী। একই সঙ্গে মৃত যুবকের শাশুড়ি ও শ্যালককেও গ্রেপ্তার করা হয়েছে। বেঙ্গালুরুর যুবক অতুল সুভাষকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিস।
Advertisement
পুলিসের তরফে জানানো হয়েছে, অতুল সুভাষের স্ত্রী নিকিতা সিংহানিয়াকে গুরগাঁও থেকে গ্রেপ্তার করা হয়েছে ও তাঁর মা ও ভাই নিশা সিংহানিয়া এবং অনুরাগ সিংহানিয়াকে প্রয়াগরাজ থেকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, বেঙ্গালুরু পুলিস উত্তরপ্রদেশ পুলিসের সাহায্য নিয়ে এই দুই অভিযুক্তকে পাকড়াও করেছে। পুলিস সূত্রে খবর, অভিযুক্তদের আদালতে হাজির করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার বেঙ্গালুরুর যুবক অতুল সুভাষকে তার অ্যাপার্টমেন্টের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি পেশায় ছিলেন একটি ফার্মের ম্যানেজার। একটি ৮১ মিনিটের ভিডিও ও ২৪ পাতার সুইসাইড নোট লিখে আত্মঘাতী হয়েছিলেন তিনি। ভিডিও বার্তায় অতুল স্পষ্ট করে, কী ভাবে তাঁকে স্ত্রী ও তাঁর শ্বশুর বাড়ির লোকেরা হেনস্থা করছে। এমনকী সরাসরি ভাবে তিনি সুইসাইড নোটে তাদের বিরুদ্ধে অভিযোগও করেন। ডিভোর্স মামলা করে খরপোশের জন্য কতটা চাপ দেওয়া হচ্ছে, তাও চিঠির ছত্রে ছত্রে দাবি করে গিয়েছেন অতুল। দেহ উদ্ধারের পরই তাঁর স্ত্রী নিকিতা, শাশুড়ি নিশা, শ্যালক অনুরাগ এবং কাকা শ্বশুর সুশীল সিংহানিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মৃতের ভাই। সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। এরপরই অভিযুক্তদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করল পুলিস।
সম্পর্কিত সংবাদ