নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মোদি সরকার ঘোষণা করল কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম পে কমিশন। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বৃহস্পতিবার এই পে কমিশন গঠনের সিদ্ধান্ত অনুমোদিত হয়। ২০২৬ সালে নয়া পে কমিশনের সুপারিশ জমা পড়বে। প্রতি ১০ বছর অন্তর কেন্দ্রীয় কর্মীদের পে কমিশন গঠিত হয়। সপ্তম পে কমিশনের কেন্দ্রীয় কর্মীদের বেতনের নির্ণায়ক সূচক ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারিত হয়েছিল ২.৫৭। এবার কেন্দ্রীয় কর্মী সংগঠনগুলির পক্ষ থেকে দাবি তোলা হয়েছে, ফিটমেন্ট ফ্যাক্টর করা হোক ২.৮৬। যদি এই দাবি মেনে নেওয়া হয়, সেক্ষেত্রে কেন্দ্রীয় কর্মীদের সর্বনিম্ন বেতন হবে ৫১ হাজার ৫০০ টাকা। কিন্তু কেন্দ্রীয় রাজকোষে এই বিপুল আর্থিক বোঝা সামাল দেওয়ার মতো অর্থশক্তি কি আছে মোদি সরকারের? ৪৯ লক্ষ কেন্দ্রীয় কর্মী এবং ৬৫ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মী পে কমিশনের মাধ্যমে বেতন ও ভাতা বৃদ্ধির সুবিধা পাবেন। দিল্লি এবং বিহার নির্বাচনের বছরে পে কমিশনের ঘোষণায় বিজেপি কোনও সুফল পাবে কি না, সেই জল্পনাও শুরু হয়েছে। দ্রুত অথবা বিলম্বে, কমিশনের সুপারিশ যখনই সরকারের কাছে জমা পড়ুক, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই নয়া বেতনক্রমের সুবিধা কার্যকর করা হবে।



