নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সহকর্মীর অক্লান্ত চেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হল না। কর্মস্থল অর্থাত্ বাসেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাস কনডাক্টর ষষ্ঠী হালদার। গড়িয়া-ধর্মতলা ৮০এ রুটের বাসে কাজ করতেন ষষ্ঠীবাবু। সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় বাসে থাকাকালীন আচমকাই ষষ্ঠীবাবুর শরীর খারাপ হয়। চোখ মুখ দেখেই বুঝতে পারেন বহুদিনের সহকর্মী বাসের চালক। বাসই হয়ে ওঠে অ্যাম্বুলেন্স। সহকর্মীকে নিয়ে বাঙুর হাসপাতালে বাস ছোটান ড্রাইভার। কিন্তু শেষ রক্ষা আর হয় না। হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন ওই কনডাক্টরকে। ৫০ বছর বয়সি ষষ্ঠীবাবু নরেন্দ্রপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিস সূত্রে খবর, এদিন সন্ধ্যার দিকে বাসটি গড়িয়ায় আসার সময় শরীর খারাপ বোধ করেন ওই কনডাক্টর। তখন কর্তব্যরত পুলিস কর্মীরাও তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। কিন্তু বাসেই বাঙুরে নিয়ে যাওয়া হবে বলে ঠিক করেন সকলে। গড়িয়া থেকে বাস ছোটানো হয় টালিগঞ্জে বাঙুর হাসপাতালের ইমার্জেন্সির উদ্দেশে। ষষ্ঠীবাবুর মৃত্যুতে স্বভাবতই ভেঙে পড়েছেন ওই রুটের পরিবহণকর্মীরা।



