Bartaman Logo
২৭ মে, ২০২৬

অসমের কয়লা খনি থেকে শ্রমিকের দেহ উদ্ধার, আটকে আরও কয়েকজন

অসমের কয়লা খনি থেকে শ্রমিকের দেহ উদ্ধার, আটকে আরও কয়েকজন
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: অসমের কয়লা খনি থেকে প্রায় ৪৮ ঘন্টা পরে উদ্ধার করা হল এক শ্রমিকের দেহ। মৃত শ্রমিক নেপালের উদয়াপুর জেলার বাসিন্দা। নাম গঙ্গা বাহাদুর শ্রেষ্ঠ । ভারতীয় সেনার ২১ প্যারা স্পেশাল ফোর্স ডিমা হাসাওয়ের  কয়লা খনি থেকে বুধবার শ্রমিকের দেহ উদ্ধার করেছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মৃত শ্রমিকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। উমরাংসো এলাকার ওই খনিতে গত  দু’দিন ধরে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী পাম্পের সাহায্যে জল নিষ্কাশনের চেষ্টা চালাচ্ছে৷ এদিকে ওএনজিসি উদ্ধারকাজের জন্য এমআই-১৭ হেলিকপ্টারে বিশেষ সরঞ্জামও সরবরাহ করেছে। 
Advertisement
দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শী  শ্রমিক এদিন জানিয়েছেন, সোমবার কাজ চলাকালীন সময়ে হঠাৎই চিৎকার শুনতে পান-‘খনিতে জল ঢুকে পড়েছে’। ৩০ থেকে ৩৫ জন শ্রমিক কোনোমতে খনি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। কিন্তু ১৫-১৬ জন আটকে পড়েছেন। আটকদের মধ্যে রয়েছেন ওই শ্রমিকের ভাইও।  সোমবার থেকেই ভাইয়ের খোঁজ মেলার অপেক্ষায় রয়েছেন তিনি। অসমের বিশেষ ডিজিপি হরমিত সিং জানান, এ পর্যন্ত একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল জল খুব ঘোলাটে ও অপরিষ্কার থাকায় খনির ভিতরে কিছুই দেখা যাচ্ছিল না। বুধবার একজনের দেহ উদ্ধার করা গিয়েছে। এদিন নৌ বাহিনী রিমোট পরিচালিত গাড়ি দিয়ে খনির ভেতরের ছবি সংগ্রহ করেছে। কিন্তু তাতে স্পষ্টভাবে কিছুই দেখা যায়নি।
সম্পর্কিত সংবাদ