নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার অসমে শক্তিবৃদ্ধি করল তৃণমূল কংগ্রেস। প্রাক্তন দাপুটে কংগ্রেস নেতা রমেনচন্দ্র বরঠাকুর যোগ দিলেন তৃণমূলে। শনিবার সন্ধ্যায় কলকাতায় ক্যামাক স্ট্রিট কার্যালয়ে তাঁর হাতে জোড়াফুলের পতাকা তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ তথা অসমের নেত্রী সুস্মিতা দেব।
Advertisement
প্রায় ২০ বছর ধরে কংগ্রেসে ছিলেন রমেন। সামলেছেন প্রদেশ মুখপাত্রের দায়িত্ব। ২০২১-র বিধানসভা নির্বাচনে জালুকবাড়ি কেন্দ্রে বিজেপির ‘হিন্দুত্বের পোস্টার বয়’ তথা বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন। লোকসভা ভোটে গুয়াহাটি আসনে টিকিট চেয়েছিলেন রমেন। কিন্তু কংগ্রেস রাজি হয়নি। তখন দল ছেড়ে যোগ দেন আপে। কয়েকমাসের মধ্যে মোহভঙ্গ হয়ে এদিন তৃণমূলে যোগ দিলেন তিনি।



