সংবাদদাতা, শিলিগুড়ি: অ্যাডভান্টেজ অসম ২.০ ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সামিট সফল করতে বিশ্বব্যাপী প্রচারের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। তারই অঙ্গ হিসেবে সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তিনদিনের দক্ষিণ কোরিয়া সফর করলেন। সেই সফর সেরে তিনি এখন জাপানে রয়েছেন। সেখানে টোকিওর শতাধিক জাপানি শিল্প সংস্থার প্রতিনিধির সঙ্গে তিনি দেখা করেছেন। সেই সঙ্গে টোকিওতে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও তিনি মিলিত হয়ে গান্ধী মূর্তিতে মাল্যদান করেন। ভারত ও জাপানের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক বন্ধনকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য অনুঘটক হিসেবে অসমের ক্রমবর্ধমান বিকাশ ও সম্ভাবনাকে মেলে ধরছেন তিনি। জাপানের শিল্পপতিদের কাছে অসমের অর্থনৈতিক দক্ষতা এবং নির্ঝঞ্ঝাটে শিল্প বাণিজ্য বান্ধব পরিবেশ ও বিশেষ সুযোগ সুবিধার কথা তুলে ধরেন। গত বুধবার জাপানি শিল্পপতি এবং বাণিজ্য সংস্থাগুলিকে আকৃষ্ট করতে টোকিওতে একটি রোড শো’তে তিনি অংশ নেন। অনুষ্ঠানে হিমন্ত বিশ্বশর্মা প্রতিশ্রুতিবদ্ধ বিনিয়োগের জন্য অসমের শক্তিশালী পরিকাঠামো, নিরবচ্ছিন্ন সংযোগ এবং প্রাণবন্ত অ্যাকাডেমিক পরিবেশের নানা দিকে তুলে ধরেন।



