Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

অশোকনগরে মেলায় দোকানের ছাউনিতে সরকারি ত্রিপল, বিতর্ক

অশোকনগরে মেলায় দোকানের ছাউনিতে সরকারি ত্রিপল, বিতর্ক
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে রকমারি থিমে সেজে উঠেছে অশোকনগর। পুজোকে কেন্দ্র করে বসেছে মেলা। তবে এই মেলাকে ঘিরে তৈরি হয়েছে নয়া বিতর্ক। মেলায় এমন দোকান রয়েছে, যার ছাউনি দেওয়া হয়েছে সরকারি ত্রাণের ত্রিপল দিয়ে। এ নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পুর-কর্তৃপক্ষ।
Advertisement
গত বছর অশোকনগরে জগদ্ধাত্রী পুজোর সময় মেলায় খাবার নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। অভিযোগ, মেলায় দেদারে বিক্রি হয়েছে বাসি খাবার। এবার সেব্যাপারে সতর্ক রয়েছে প্রশাসন। বৈঠকে ডেকে মেলা কমিটিগুলিকে এ বিষয়ে অবগত করেছে তারা। এবার মেলায় ত্রাণের ত্রিপল নিয়ে তৈরি হয়েছে নয়া বিতর্ক। অশোকনগরের প্রাণকেন্দ্রে একটি নামী পুজো কমিটির মণ্ডপ রয়েছে। এই মণ্ডপের পাশেই বসে মেলা। খাবার থেকে খেলনা, প্রসাধনী সামগ্রীর দোকানগুলিতে প্রতিদিনই উপচে পড়ছে ভিড়। মেলায় একটি ইমিটেশন গয়নার দোকান দিয়েছেন হাবড়ার এক ব্যবসায়ী। সেই দোকানের সিলিং হয়েছে সরকারি ত্রাণের ত্রিপল। কালো রঙের সেই ত্রিপলে বড় করে লেখা— ‘পশ্চিমবঙ্গ সরকার দুর্গত মানুষের পাশে। বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর’। ওই দোকানের আশপাশ দিয়ে গেলে সহজেই চোখে পড়ছে ওই লেখা। তা দেখে অনেকেই অবাক। কেউ কেউ বলছেন, দুর্গত মানুষদের জন্য দেওয়া সরকারি ত্রিপল কীভাবে এল এই মেলায়? এ নিয়ে অশোকনগর পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। কীভাবে এই ত্রিপল একজন দোকানি ব্যবহার করছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। যাঁরা মেলায় দোকান দিয়েছেন, তাঁরা কেউই এই এলাকার বাসিন্দা নন। এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ওই দোকানি।
সম্পর্কিত সংবাদ