ভুবনেশ্বর: ওড়িশায় আক্রান্ত রেল। মঙ্গলবার নন্দনকানন এক্সপ্রেসকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। ট্রেনটি নয়াদিল্লি থেকে পুরী যাচ্ছিল। সকাল ৯টা ৩০ মিনিট নাগাদ ভদ্রক ও বাউদপুরের মাঝে সেটি লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। এর জেরে ট্রেনের একটি কোচের শৌচাগারের জানালার কাচ ভেঙে গিয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই। গুলির শব্দ পাওয়া মাত্রই যাত্রীদের মধ্যে হইচই পড়ে যায়। তল্লাশি চালায় রেল পুলিস। এর পরে সকাল সাড়ে দশটা নাগাদ ফের গন্তব্যে যাত্রা শুরু করে ট্রেনটি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ইস্ট কোস্ট রেলের এক আধিকারিক।



