• প্রয়াত অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। ক্যালিফোর্নিয়াতে নিজের বাসভবনে শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেত্রী। যদিও কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, সেই বিষয়ে বিশদে কিছুই জানায়নি তাঁর পরিবারের সদস্যরা। অনুরাগীদের কাছে তাঁদের আর্জি, ‘ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখুন।’ কিটনের ঘনিষ্ঠ বন্ধু সংবাদমাধ্যমে তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন। জানা গিয়েছে, রবিবার ডায়ানের পরিবারের সদস্যরা নাকি স্থানীয় দমকল দপ্তরে ফোন করেছিল। এরপর দমকল কর্মীরাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই কিটনের মৃত্যু হয়। এ বিষয়ে লস এঞ্জেলস প্রশাসনের তরফেও কোনও বিবৃতি দেওয়া হয়নি। ‘দ্য গডফাদার’, ‘স্লিপার’, ‘অ্যানি হল’, ‘লাভ অ্যান্ড ডেথ’-এর মতো একাধিক ছবিতে তাঁর অভিনয় মনে রাখবেন দর্শক। ১৯৭০ সালে শুরু হয়েছিল তাঁর অভিনয় জার্নি। ‘ফাদার অব দ্য ব্রাইড’, ‘ফার্স্ট ওয়াইভস ক্লাব’-এর মতো ছবিও সমৃদ্ধ হয় তাঁর অভিনয় গুণে। ১৯৭৮ সালে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার পান। কেবল অভিনয় নয়, পরিচালনাতেও মুন্সিয়ানা ছিল ডায়ানের। ‘হেভেন’, ‘আনস্ট্রং হিরোস’, ‘হ্যাঙ্গিং আপ’-এর মতো বেশ কয়েকটি প্রজেক্টের নেপথ্যে ছিলেন ডায়ান।



