নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের বাড়ি ও জমি সংক্রান্ত একটি মামলায় বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে তলব করল বারাকপুর পুলিস কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। আজ, বুধবার বেলা ১২টায় বারাকপুর ডিডি অফিসে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত অভিযোগটি দায়ের করেছিল ভাটপাড়া পুরসভা। জানা গিয়েছে, অর্জুন সিং পুরসভার চেয়ারম্যান থাকাকালীন প্রিয়াঙ্গু পাণ্ডের সঙ্গে ভাটপাড়া পুরসভার একটি চুক্তি হয়েছিল। তিনি সেই চুক্তি অমান্য করেছেন বলে ভাটপাড়া পুরসভার পক্ষ থেকে ভাটপাড়া থানায় এফআইআর দায়ের করা হয়। এদিকে, ২০২০ সালে ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতির তদন্তে অর্জুন সিংয়ের ছেলে তথা ভাটপাড়ার বিধায়ক পবন সিংকে আজই বেলা সাড়ে ১২টায় ভবানী ভবনে তলব করেছে সিআইডি।
Advertisement
অর্জুন সিং বলেন, ‘২০১৮ সালের ঘটনা। বাড়িটি সিসি পেয়েছে। তারপরেও মামলা হয় কীভাবে? তবে আমার বিরুদ্ধে ১৭৪টি মামলা রয়েছে। বুধবার আমি যাব।’ আর বিধায়ক পবন সিং বলেন, ‘বিধানসভা ভোটের আর এক বছর বাকি। এই সময়ে এরকম অনেক নোটিস আসবে। হেনস্তা করতে আমাকে জেলেও পাঠাতে পারে। সবকিছুর জন্য আমি মানসিক ভাবে প্রস্তুত।’ ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেছেন, ‘উনি (অর্জুন সিং) চেয়ারম্যান থাকাকালীন ভাটপাড়া পুরসভা দুর্নীতিতে ডুবেছিল। ফেক ওয়ার্ক অর্ডার বের করে পুরসভার অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা সরাসরি অর্জুন সিংয়ের এক আত্মীয়র অ্যাকাউন্টে ঢুকেছে। অথচ কোনও কাজ হয়নি। প্রশাসন তদন্ত করছে। ফলে তলব তো করবেই।’



