Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

অপরাধ সংগঠিত করতেই ‘দানব’ গুজব,  কদম্বগাছিতে শুরু হল সচেতনতা প্রচার

অপরাধ সংগঠিত করতেই ‘দানব’ গুজব,  কদম্বগাছিতে শুরু হল সচেতনতা প্রচার
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: ‘দানব’ গুজবের জেরে গত কয়েকদিন ধরে ভয়ে সিঁটিয়ে রয়েছে কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম। এই ভ্রান্ত প্রচার ও অহেতুক আতঙ্ক ঠেকাতে বুধবার সচেতনতা প্রচার করলেন এলাকার সচেতন নাগরিক ও জনপ্রতিনিধিরা। মানুষকে আতঙ্কিত না হওয়ার বার্তা দিলেন তাঁরা। তাঁদের বক্তব্য, একটা সময় এসব এলাকার শুনশান রাস্তাঘাটে নানারকম অপরাধমূলক কাজকর্ম হতো। এখন সেই ধরনের ঘটনা খুব কম। তাই অপরাধের পথ সহজ করতে ‘দুষ্টু লোকেরা’ গুজব রটাচ্ছে।
Advertisement
কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের উলা, বয়রা, কালসারা, কাঁঠালিয়া, জাগুলি সহ আশপাশের গ্রামে বিস্তীর্ণ এলাকাজুড়ে রয়েছে আমবাগান। বাঁশবনও আছে যত্রতত্র। সন্ধ্যার পর এমনিতেই নিরিবিলি হয়ে যায় এই এলাকা। এসব এলাকায় এক সময় সন্ধ্যার পর চুরি, ছিনতাইয়ের মতো ঘটনা আকছার ঘটত। এমনকী, সন্ধ্যার পর রাস্তা দিয়ে মহিলাদের যাতায়াত করা ছিল ঝুঁকিপূর্ণ। গত কয়েক বছরে এই ধরনের ঘটনা কমে এসেছে। তাই ‘দানব’ গুজব রটিয়ে সাধারণ মানুষকে গৃহবন্দি করে দুষ্কৃতীরা ফের অপরাধের ক্ষেত্র তৈরি করতে চাইছে বলে দাবি স্থানীয় সচেতন মানুষজনের। 
বুধবার এলাকায় গিয়ে মানুষকে সেই বার্তাই দিলেন তাঁরা। সংশ্লিষ্ট ভাইরাল ভিডিওর কোনও সত্যতা নেই এবং সেটি বহু বছর আগের ভিডিও বলে মানুষকে নিশ্চিত করেছেন তাঁরা। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ আরশাদ উদ জামান বলেন, ‘কিছু দুষ্টু লোক চাইছে, মানুষকে গৃহবন্দি করে আবারও অপরাধ চালু করতে। কিন্তু এটা হবে না। মানুষ সচেতন হয়ে গিয়েছে। সত্যিটা বুঝে গিয়েছে। কেউ যদি ভাবে এভাবে গুজব রটিয়ে অপকর্ম করবে ভাবে, তাহলে সে মূর্খের স্বর্গে বাস করছে।’ 
সম্পর্কিত সংবাদ