Bartaman Logo
৯ জুন, ২০২৬

জ্ঞানেশ কুমারকে পদচ্যুত করতে ফের নোটিস বিরোধী শিবিরের

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদচ্যুত করতে ফের উদ্যোগ নিল বিরোধীরা। শুক্রবার রাজ্যসভায় এনিয়ে নোটিস দিল তৃণমূল সহ বিরোধী দলগুলি।

জ্ঞানেশ কুমারকে পদচ্যুত করতে ফের নোটিস বিরোধী শিবিরের
  • ২৫ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদচ্যুত করতে ফের উদ্যোগ নিল বিরোধীরা। শুক্রবার রাজ্যসভায় এনিয়ে নোটিস দিল তৃণমূল সহ বিরোধী দলগুলি। তৃণমূলের ১৩ জন সাংসদের পাশাপাশি রাজ্যসভার মোট ৭৩ জন সদস্য সেই নোটিসে সই করেছেন। তবে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে বা সোনিয়া গান্ধীর স্বাক্ষর সেখানে নেই। যদিও জয়রাম রমেশ, পি চিদম্বরমের পাশাপাশি ডিএমকে, সিপিএম, আরজেডির মতো বিরোধী দলের সাংসদরা এই নোটিসে সই করেছেন। আম আদমি পার্টির সঞ্জয় সিং সই করলেও দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাঘব চাড্ডার মতো নেতারা তাতে সই করেননি। 

Advertisement

রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পি সি মোদির কাছে ১৩ পাতার চিঠি দিয়ে (সেটিই নোটিস) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ন’টি অভিযোগ এনেছে বিরোধীরা। এদিন কংগ্রেসের জয়রাম রমেশ এবং তৃণমূলের সাগরিকা ঘোষ সংসদে গিয়েছিলেন ওই নোটিস জমা দিতে। ওই নোটিসে অভিযোগ জানানো সত্ত্বেও আদর্শ নির্বাচন বিধি পর্বে দূরদর্শনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক ভাষণের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া, সম্প্রতি কমিশনের সঙ্গে সাক্ষাতে তৃণমূল প্রতিনিধিদের অপমান, তৃণমূলকে হুমকির সুরে টুইট, পশ্চিমবঙ্গের ৯১ লক্ষ ভোটারের নাম অনৈতিকভাবে বাদ দেওয়ার মতো ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। 
এর আগে জ্ঞানেশ কুমারকে পদচ্যুত করতে চেয়ে রাজ্যসভা এবং লোকসভায় নোটিস দেওয়া হয়েছিল। যদিও দুই সচিবালয়ের তরফে সেই নোটিস খারিজ করে দেওয়া হয়। এবার ফের নতুন করে রাজ্যসভায় ৭৩ সাংসদের সই সম্মিলিত চিঠি জমা করে রাজ্যসভার চেয়ারম্যান তথা দেশের উপ রাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণানকে তা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ