Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

‘ওটিপি’ দিয়ে রেশন তোলার সুযোগ মাসের শেষ দু’দিন

রেশনের চাল-গম সংগ্রহ করার ক্ষেত্রে গ্রাহকের আধার নথিভুক্ত মোবাইল নম্বরে আসা ওটিপির ব্যবহার এখনও সীমিত রাখা হয়েছে।

‘ওটিপি’ দিয়ে রেশন তোলার সুযোগ মাসের শেষ দু’দিন
  • ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেশনের চাল-গম সংগ্রহ করার ক্ষেত্রে গ্রাহকের আধার নথিভুক্ত মোবাইল নম্বরে আসা ওটিপির ব্যবহার এখনও সীমিত রাখা হয়েছে। গত মাসে রেশন তোলার শেষ দু’দিন ওটিপি ব্যবহার করা গিয়েছিল। কিন্তু সেপ্টেম্বর মাসে তা আর করা যাচ্ছে না। খাদ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রতি মাসের শেষ দু’দিন গ্রাহকের মোবাইলে আসা ওটিপি দিয়ে রেশন তোলার সুযোগ দেওয়া হবে। যে গ্রাহকের আধার নম্বরের  বায়োমেট্রিক যাচাই ই-পস মেশিনে চোখের মণির স্ক্যান বা আঙুলের ছাপের মাধ্যমে হবে না, তাদের শুধু ওই দু’দিন রেশন তোলার সুযোগ দেওয়া হবে। 

Advertisement

আগস্ট মাস থেকে ওটিপির ব্যবহার বন্ধ করে দেওয়ায় অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের পক্ষ থেকে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়াকে চিঠি দেওয়া হয়েছিল। এরপর মাসের শেষ দু’দিন ওটিপি চালু করা হয়।  ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, মাসে মাত্র দু’দিন ওটিপি চালু থাকলে গ্রাহকদের অসুবিধা হবে। ওটিপির মাধ্যমে রেশন দেওয়ার সুযোগ আরও বাড়ানোর জন্য তাঁরা খাদ্যদপ্তরের কাছে দাবি জানিয়েছেন। কারণ, অনেক বয়স্ক এবং শারীরিকভাবে অসুস্থ মানুষের পক্ষে আধার নম্বরের বায়োমেট্রিক যাচাই করা সম্ভব হয় না। মাসে মাত্র দু’দিন ওটিপি ব্যবহারের সুযোগ দেওয়া হলে অনেকের পক্ষে রেশনের মাধ্যমে মাসিক খাদ্য বরাদ্দ সংগ্রহ করা সম্ভব হবে না। খাদ্যদপ্তর সূত্রে বলা হচ্ছে, রেশন বণ্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে বায়োমেট্রিক যাচাইয়ে জোর দেওয়া হয়েছে। তবে কোনো প্রকৃত রেশন গ্রাহক যাতে বঞ্চিত না হন, তার জন্য বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। 
এদিকে, রাজ্যের বিভিন্ন জেলায় সাম্প্রতিক বন্যায় রেশন দোকানে মজুত খাদ্যসামগ্রীর ক্ষতি হয়েছে বলে ডিলারদের সংগঠন জানিয়েছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করে ক্ষতির পরিমাণ রাজ্য সরকারকে জানানোর উদ্যোগ নিচ্ছে তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ