Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

অফিসে অগ্নিকাণ্ড, ব্যাহত বিএসএনএলের পরিষেবা

অফিসে অগ্নিকাণ্ড, ব্যাহত বিএসএনএলের পরিষেবা
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ষবরণের রাতে আগুন লেগেছিল বিএসএনএলের মধ্য কলকাতার অফিসে। তার জেরে সেই সময় থেকে ১ জানুয়ারি দিনভর পরিষেবা পেলেন না বিএসএনএল গ্রাহকদের একটা বড় অংশ। ভয়েস কলের পাশাপাশি ডেটা পরিষেবাও বিঘ্নিত হল। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি দাবি করেছে, আজ বৃহস্পতিবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। 
Advertisement
বর্ষবরণের রাতে সাড়ে ১টা নাগাদ বিএসএনএলের সেন্ট্রাল অ্যাভিনিউ ও মহাত্মা গান্ধী রোড ক্রসিংয়ের অফিসে আগুন লাগে। দমকলের ১০টি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে জানা যায়, এসি মেশিন থেকে আগুন লেগেছে। ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। কোনও হতাহতের খবর না এলেও বিএসএনএলের যন্ত্রাংশের অনেকটাই ক্ষতি হয়েছে, এমনটাই জানিয়েছেন সংস্থার কর্তারা। তাঁরা বলেন, দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করতে জল দিলে বিভিন্ন যন্ত্রাংশ ভিজে যায়। এর ফলে বিস্তীর্ণ এলাকায় পরিষেবা বসে যায়। মোবাইল টাওয়ার গুলিতে থাকা বেস ট্রান্সিভার স্টেশন বা বিটিএসগুলি কাজ করেনি। যার ফলে মধ্য ও উত্তর কলকাতার একাংশের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার শহরতলি এবং হাওড়া ও হুগলির শহরতলির একটা বড় অংশে পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়। সেখানে কোনও গ্রাহক কারকে যেমন ফোন করতে পারেননি, তেমনই তাঁদের মোবাইলে কোনও ফোনও আসেনি। ডেটা পরিষেবাও একই সঙ্গে পাওয়া যায়নি। তবে দক্ষিণ কলকাতা ও শহরতলিতে সমস্যা সেভাবে হয়নি বলেই দাবি করেছেন বিসএনএল কর্তারা। যেহেতু কলকাতার ওই ক্ষতিগ্রস্ত অফিসটি কলকাতা সার্কেলের আওতায় আছে, তাই বেঙ্গল সার্কেল, অর্থাৎ রাজ্যের বাদবাকি জেলায় কোনও নেতিবাচক প্রভাব পড়েনি বলেই জানাচ্ছেন তাঁরা। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ওই অফিসটি পুরনো অবস্থায় ফিরিয়ে আনার জন্য যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ শুরু হয়েছে বলে এদিন দাবি করেছেন সংস্থার কর্তারা। 
সম্পর্কিত সংবাদ