নয়াদিল্লি: রাজধানীতে শিশুকে অপহরণ। কিন্তু পরে শিশুটি ভিনধর্মের বুঝতে পেরে তাকে রাস্তায় ছেড়ে দিয়ে গেলেন এক মহিলা। ঘটনার তদন্তে নেমে পূর্ব দিল্লির কৃষ্ণনগর থেকে অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিস। গত ১২ নভেম্বরের ঘটনা হলেও তা সোমবার প্রকাশ্যে এসেছে। পুলিস জানিয়েছে, গত ৭ নভেম্বর সকাল সাড়ে ১০টা নাগাদ ফুটপাতের বাসিন্দা এক মহিলার সন্তানকে অপহরণ করা হয়। রুকসানা নামে ওই মহিলা শাস্ত্রীনগর থানায় অভিযোগ দায়ের করেন। এরপর ওই এলাকার অন্তত ৪০০টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। ৪৬ বছরের রচনা দেবী নামে অভিযুক্ত মহিলা জেরায় নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। পুলিস জানিয়েছে, মহিলার দুই কন্যা সন্তান রয়েছে। তাঁর পুত্রসন্তানের মা হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু আর সন্তানধারণ করতে পারবেন না জানতে পেরে শিশুপুত্রটিকে অপহরণ করেন। কিন্তু বাড়ি নিয়ে গিয়ে আসার পর বুঝতে পারেন ছেলেটি ভিন্নধর্মের। এরপরই ছেলেটিকে শাস্ত্রী পার্ক এলাকায় ছেড়ে দিয়ে আসেন রচনা। পরে শিশুটিকে উদ্ধার করে পুলিস।



