মুম্বই: ‘অপারেশন সিন্দুর’ নামের স্বত্ব নথিভুক্ত করার ‘হিড়িক’ আগেই সমালোচনার মুখে পড়েছিল। এবার ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির আবহেই পহেলগাঁও হামলা ও প্রত্যাঘাত নিয়ে সিনেমা তৈরির ঘোষণা হল। ছবির নাম ‘অপারেশন সিন্দুর’। গত শুক্রবার ছবির পোস্টার সামনে আসে। জানা গিয়েছে, ছবির পরিচালকের দায়িত্বে থাকছেন উত্তম মহেশ্বরী। প্রযোজক ভিকি ভাগনানি ও নিক্কি ভাগনানি। পোস্টারে দেখা গিয়েছে, যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এক মহিলা সৈনিক। এক হাতে বন্দুক।
অপরহাতে সিঁথিতে সিঁদুর পরছেন তিনি। পোস্টার সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই সমালোচনার ঝড় উঠেছে। গত বুধবার রাত থেকে মুহুর্মুহু ভারতের উপর হামলা চালাচ্ছে পাকিস্তান। সেই হামলা রুখে দিচ্ছে ভারতের ডিফেন্স সিস্টেম। পাল্টা হামলাও চলছে। এমন চাপানউতোরের মধ্যে এমন একটি সংবেদনশীল বিষয় নিয়ে ছবি তৈরি আদৌ যুক্তিপূর্ণ কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। ইন্ডাস্ট্রির অন্দরেও সমালোচনার মুখে পড়েছে জ্যাকি ও নিক্কির এই উদ্যোগ। অভিনেত্রী হিনা খান পোস্টারটি শেয়ার করে লিখেছেন, ‘এ কী দেখছি! এমনটা হতে পারে না।’ বিতর্কের মুখে পড়ে ক্ষমা চেয়েছেন নির্মাতারা।