Bartaman Logo
২৭ মে, ২০২৬

অনশনরত প্রশান্ত কিশোর গ্রেপ্তার, মিলল জামিন

অনশনরত প্রশান্ত কিশোর গ্রেপ্তার, মিলল জামিন
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
পাটনা: বিহার পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) পরীক্ষা বাতিল করতে হবে, এই দাবিতে পাটনায় আমরণ অনশনে বসেছিলেন জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। সোমবার ভোরে তাঁকে গ্রেপ্তার করল পুলিস। পরে ২৫ হাজার টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে পাটনার আদালত। যদিও প্রথমে জামিন নিতে রাজি হননি। প্রশান্তের আইনজীবী জানিয়েছিলেন, জেলেই অনশন চালিয়ে যাবেন তাঁর মক্কেল। তবে পরে নিঃশর্তেই তাঁর জামিন মঞ্জুর করা হয়।  
Advertisement
সোমবার ভোর চারটে নাগাদ প্রশান্তের অনশনমঞ্চে হানা দেয় পুলিস। তুলে নিয়ে যাওয়া হয় তাঁকে। এই সময় আন্দোলনকারীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় পুলিশের। পরে গ্রেপ্তার করা হয় প্রশান্ত কিশোরকে। এদিকে, তুলে নিয়ে যাওয়ার সময় প্রশান্তকে মারধর করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তাঁর সমর্থকরা। যদিও প্রশাসনের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। শারীরিক পরীক্ষার জন্য প্রশান্তকে পাটনা এইমসে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে তিনি পরীক্ষা করাতে চাননি। এরপর অন্য একটি হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষা করা হয়। প্রশান্ত একদম সুস্থ রয়েছেন বলে চিকিত্সকরা জানিয়েছেন।
এক পুলিস কর্তা জানিয়েছেন, প্রশান্ত ও তাঁর সমর্থকরা সংরক্ষিত এলাকায় বসে বেআইনিভাবে বিক্ষোভ দেখাচ্ছিলেন। বারবার অনুরোধ করার পরেও তাঁরা ওই এলাকা ছাড়তে চাননি। তাই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পাটনার জেলাশাসক চন্দ্রশেখর সিং বলেন, ‘কিশোর ও তাঁর যে সব সমর্থক গান্ধী ময়দানে ধর্নায় বসেছিলেন, তাঁদের সোমবার সকালে পুলিস গ্রেপ্তার করেছে।’
সম্পর্কিত সংবাদ