নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দ্রুত কমে যাচ্ছে ওজন। প্রতিদিন অবস্থার অবনতি হচ্ছে। এমএসপি আইনের দাবিতে পাঞ্জাব-হরিয়ানা সীমানায় প্রবীণ কৃষক নেতা জগজিৎসিং দাল্লেওয়ালের আমরণ অনশন কর্মসূচিতে বৃদ্ধি পাচ্ছে চরম উদ্বেগ। আন্দোলনকারী কৃষক সংগঠনগুলির দাবি, বিগত ১৭ দিন ধরে খানাউরি সীমানায় আমরণ অনশন করছেন দাল্লেওয়াল। এবং দু’সপ্তাহেরও বেশি সময় ধরে তাঁর এই আন্দোসন কর্মসূচিতে ১২ কেজি ওজন কমে গিয়েছে দাল্লেওয়ালের। শুক্রবার খানাউরি সীমানায় গিয়ে অনশনকারী ওই কৃষক নেতার সঙ্গে সাক্ষাৎ করেছে সংযুক্ত কিষান মোর্চার এক প্রতিনিধি দল। তাঁকে অনশন তুলে নেওয়ার অনুরোধও জানানো হয়েছে। তবে কিষান মোর্চার সদস্যদের দাবি, ফসলের ন্যূনতম সহায়ক মূল্যকে আইনের আওতায় নিয়ে না আসা পর্যন্ত এভাবেই তিনি অনশন করবেন বলে জানিয়েছেন। আন্দোলনকারীদের অভিযোগ, এরপরেও কেন্দ্রের মোদি সরকারের ঘুম ভাঙছে না। এদিন দাল্লেওয়ালের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খোদ সুপ্রিম কোর্টও। এদিন দেশের সর্বোচ্চ আদালত মন্তব্য করেছে, আন্দোলনের থেকেও জীবন বেশি গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়েছে, অবিলম্বে ওই কৃষক নেতাকে হাসপাতালে ভর্তি করানো হোক। আগামী ১৭ ডিসেম্বর কৃষক আন্দোলন সংক্রান্ত পরবর্তী কর্মসূচিতে এই বিষয়টিও দেখবে আদালত। এরই মধ্যে আজ, শনিবার আবারও দিল্লি চলো অভিযান করবেন আন্দোলনকারী কৃষকরা। পাঞ্জাব-হরিয়ানার শম্ভু সীমানা থেকে আজ ফের ১০১ জন কৃষকের একটি ‘জাঠা’ দিল্লির উদ্দেশে রওনা দেবে। সীমানা এলাকায় নিরাপত্তা আরও কঠোর করেছে পুলিস প্রশাসন। দেওয়া হয়েছে সিমেন্টের ব্যারিকেড, একতলা বাড়ি সমান উঁচু গার্ডরেলের বেড়া।



