নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রবীণ কৃষক নেতা ক্যান্সার আক্রান্ত জগজিৎসিং দাল্লেওয়ালের শারীরিক পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক। দীর্ঘ প্রায় এক মাসের অনশন কর্মসূচিতে তার অবস্থা আরও জটিল হয়েছে। এরপরেও সমস্যার সমাধানে কৃষকদের সঙ্গে কোনওরকম কথা বলতে চাইছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্পূর্ণ নীরব রয়েছে কেন্দ্রীয় সরকার। পরের পর প্রতিশ্রুতি কেন্দ্রের মোদি সরকার ভেঙেই চলেছে। সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পাঠিয়ে তাঁর হস্তক্ষেপ চেয়েছে সর্বভারতীয় কৃষক সংগঠনগুলি। পাশাপাশি এদিন দেশজুড়ে মোদি বিরোধী প্রতিবাদ দিবস পালন করেছেন আন্দোলনকারী কৃষকরা। সংযুক্ত কিষান মোর্চার দাবি, দেশের সর্বত্র কৃষকদের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে ব্যাপক সাড়া মেলেছে। রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে ২০২১ সালের ডিসেম্বর মাসে কৃষকদের উদ্দেশে কৃষিমন্ত্রকের লিখিত আশ্বাসের প্রসঙ্গ তুলেছে কিষান মোর্চা। তাতে বলা হয়েছে, ফসলের ন্যূনতম সহায়ক মূল্যকে (এমএসপি) আইনের আওতায় নিয়ে আসার দাবি সমেত একাধিক ইস্যুতে নির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছিল মোদি সরকার। কিন্তু তারপর তিন বছর কেটে গেলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তা নিয়ে টুঁ শব্দ করেননি। কোনও উদ্যোগ নেয়নি কেন্দ্র।



