নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: চোখে চাকরির স্বপ্ন নিয়ে দর্শনে অনার্স পাশ করেছিলেন তিনি। তখন ২০১৩ সাল। কিন্তু একাধিক জায়গায় ইন্টারভিউ দিয়েও জোটেনি কাজ। ফলে চাষবাস করেই এখন রোজগার করছেন ভাঙড়ের যুবক দীপক ঘোষ। মাঠে কোদাল চালিয়েও সরকারি চাকরির স্বপ্ন দেখে চলেছেন তিনি। বলছেন, সুযোগে এলে চাষবাস ছেড়ে ভালো চাকরি করব।
Advertisement
দীপক চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। এই গ্রামের ছেলেমেয়েদের পড়াশোনার দিকে তেমন একটা ঝোঁক নেই। যুবক বলেন, ‘বাবা অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছেন। স্নাতক পাস করে ভালো চাকরি করব ভেবেছিলাম। বেশ কয়েকটি সংস্থায় ইন্টারভিউ দিয়েছিলাম। কিন্তু সব জায়গাতেই অর্থের বিনিময়ে চাকরি টোপ দেওয়া হয়েছিল। তাই রাজি হইনি। সরকারি চাকরিও অমিল। তাই হতাশ হয়ে ঠিক করলাম, চাষবাসই করব।’ তারপর থেকে ভোর পাঁচটা বাজলেই মাঠে হাজির হন দীপক। দুপুরে বাড়ি যান। আবার বিকেলে যোগ দেন খেতে। মাঝে মাঝে বাবার সঙ্গেও সাহায্য করেন চাষের কাজে। লিজের জমিতেই এখন চলছে তাঁর চাষবাস। ফুলকপি, টম্যাটো, ধান চাষে হাড়ভাঙা খাটনি। সেই নিরিখে রোজগার নেই, আক্ষেপ দীপকের। তারপরও মুখে হাসি নিয়েই কোদাল চালান ২৭ বছরের যুবক। তবে এখনও সরকারি চাকরির হাল ছাড়তে নারাজ তিনি। চেষ্টা করছেন শিক্ষগত যোগ্যতায় ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করার।



