Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

অনুপম খুনে আসামীকে অস্ত্র আইনে আড়াই বছর কারাদণ্ড

অনুপম খুনে আসামীকে অস্ত্র আইনে আড়াই বছর কারাদণ্ড
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ২০২২ সালের ১৩ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটায় পানিহাটির তৃণমূল কাউন্সিলার অনুপম দত্তকে গুলি করে খুন করা হয়। এই ঘটনায় অন্যতম অভিযুক্ত অমিত পণ্ডিতকে অস্ত্র আইনে আড়াই বছরের সশ্রম কারাদণ্ড দিলেন বিচারক। তবে ৩০২ ধারায় এই খুনের মামলায় বিচারপর্ব এখনও চলছে। খুব শীঘ্রই তার রায় ঘোষণা হতে পারে। বারাকপুর মহকুমা আদালতের জুডিশিয়াল ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক রাহুল ভট্টাচার্য এদিন এই রায় দেন। পাশাপাশি দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত ছ’মাসের জেল হেফাজতের নির্দেশ দেন তিনি। এদিকে, খুনিদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন অনুপম দত্তের স্ত্রী, বর্তমান কাউন্সিলার মীনাক্ষী দত্ত। সরকারি আইনজীবী সত্যব্রত দাস জানিয়েছেন, এই অমিত পণ্ডিত পানিহাটির কাউন্সিলার অনুপম দত্তকে গুলিতে খুন করেছিলেন ওয়ান শটার দিয়ে। এই আসামির বক্তব্য অনুযায়ী ২০২২ সালের ১৬ মার্চ আগরপাড়ার তেতুলতলার কাছে হোগলাবন থেকে দু’টি অস্ত্র উদ্ধার হয়। তার মধ্যে অনুপমকে প্রথমে যে ওয়ান শটার দিয়ে গুলি করা হয়েছিল, সেটিও উদ্ধার করা হয়। ছ’টি কার্তুজও পাওয়া যায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ