Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কার সাফারির অনলাইন বুকিং বন্ধ, ডুয়ার্স ঘুরতে এসে বিরক্ত পর্যটকরা

স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে যাওয়ায় জলদাপাড়া ও বক্সার জঙ্গলে কার সাফারির জন্য পর্যটকদের ভিড় বাড়ছে।

কার সাফারির অনলাইন বুকিং বন্ধ, ডুয়ার্স ঘুরতে এসে বিরক্ত পর্যটকরা
  • ১৬ মে, ২০২৬ ১৫:০৫
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: তৃণমূল সরকারের জমানায় বন্ধ হয়ে গিয়েছিল কার সাফারির অনলাইন বুকিং। ১৪ মাস ধরে এই বুকিং বন্ধ। এতে ক্ষুব্ধ উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ীরা। রাজ্যে নতুন সরকার আসতেই ফের কার সাফারির অনলাইন বুকিং চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

Advertisement

এদিকে, স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে যাওয়ায় জলদাপাড়া ও বক্সার জঙ্গলে কার সাফারির জন্য পর্যটকদের ভিড় বাড়ছে। পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, ভিড় হওয়ার পিছনে আরও কারণ আছে- আগামী ১৫ জুন থেকে তিন মাসের জন্য জঙ্গলে প্রবেশ বন্ধ হয়ে যাবে। কিন্তু কার সাফারিতে অনলাইন বুকিংয়ের সুবিধা না থাকায় দেশবিদেশের পর্যটকরা ক্ষোভে ফুঁসছেন। কার সাফারির অফলাইন বুকিংয়ের লাইনে দাঁড়িয়ে চূড়ান্ত হয়রানির মুখে পড়তে হচ্ছে পর্যটকদের। অফলাইন বুকিংয়ে হয়রানির মুখে পড়ে পর্যটকদের জিপসিতে জঙ্গল ভ্রমণের আগাম পরিকল্পনা নষ্ট হচ্ছে। বিগত সরকার কার সাফারির অনলাইন বুকিং বন্ধ রাখায় পর্যটন ব্যবসায়ীরাও বেজায় চটেছেন। রাজ্যে পালাবদলের পর ব্যবসায়ীরা ইতিমধ্যে কার সাফারির অনলাইন বুকিং ফের চালুর দাবি জানিয়েছেন। 
চিলাপাতা জিপসি ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিমল রাভা বলেন, কার সাফারিতে অনলাইন বুকিং ফিরিয়ে আনার জন্য রাজ্যের নতুন সরকারের কাছে দাবি জানিয়েছি। চিলাপাতা ইকো ট্যুরিজম সোসাইটির সম্পাদক দিলীপ ওরাওঁ জানান, কার সাফারির জন্য অনলাইন বুকিংয়ে পর্যটকদের সুবিধা হয়। পর্যটকরা সুবিধামতো দিন তারিখ ঠিক করে জঙ্গল ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। অনলাইন বুকিংয়ে নিশ্চয়তা থাকে। কিন্তু অফলাইন বুকিং কবে মিলবে তার কোনো নিশ্চয়তা থাকে না। তার জন্য পর্যটকদের এবং পর্যটন ব্যবসায়ীদের অসুবিধা হচ্ছে। নতুন সরকারের কাছে দিলীপের আবেদন, পুরনো সিদ্ধান্ত বাতিল করে দ্রুত কার সাফারিতে অনলাইন বুকিং চালু করা হোক। 
বর্তমানে স্কুল ছুটি থাকায় ডুয়ার্সে পর্যটকদের ভিড় বাড়ছে। হোমস্টে, রিসর্ট ও লজে রুম পাওয়া যাচ্ছে না। জঙ্গলে প্রবেশ বন্ধ হয়ে যাওয়ার আগে সাফারি করতে হামলে পড়েছেন পর্যটকরা। কিন্তু ঘুরতে এসেও জঙ্গল সাফারির নিশ্চয়তা না থাকায় তাঁরা বিরক্ত। টিকিটের লাইনে দাঁড়িয়েও বুকিংয়ের নিশ্চয়তা থাকছে না। ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি পার্থসারথী রায় বলেন, বিগত সরকারের তুঘলকি সিদ্ধান্তের জন্যই পর্যটকদের এই সমস্যা তৈরি হয়েছে। আমরা নতুন সরকারের কাছে ইতিমধ্যে কার সাফারিতে অনলাইন বুকিং ফিরিয়ে আনার দাবি জানিয়েছি। জলদাপাড়া জাতীয় উদ্যানের সহকারি বন্যপ্রাণী সংরক্ষক নবিকান্ত ঝাঁ বলেন, উপরমহলে প্রস্তাব পাঠানো হয়েছে। এবিষয়ে রাজ্যই সিদ্ধান্ত নেবে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ