গুরুগ্রাম: স্কুলে যেতে ভালো লাগে না। চাই অনলাইন ক্লাস। তাই স্কুলে হুমকি ইমেল পাঠাল ১২ বছর বয়সি খুদে। ইমেলে দাবি করা হয়, স্কুলে রাখা আছে বোমা। সম্প্রতি গুরুগ্রামের সেক্টর ৬৫-এর একটি বেসরকারি স্কুলে ঘটনাটি ঘটেছিল।
Advertisement
গত শনিবার অভিযুক্ত ছাত্রকে আটক করে পুলিস। জানা গিয়েছে, গত ১৮ ডিসেম্বর স্কুলে হুমকি ইমেল পাঠায় সে। তড়িঘড়ি সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ করে স্কুল কর্তৃপক্ষ। তদন্তে নেমে ওই ছাত্রের খোঁজ পায় পুলিস। তাকে আটক করা হয়। জেরায় ছাত্রটি জানিয়েছে, অনলাইন ক্লাস চাইছিল সে। ভেবেছিল, স্কুলে বোমাতঙ্ক ছড়ালে হয়তো অনলাইন ক্লাস চালু হবে। তাই কোনও কিছু না ভেবে হুমকি ইমেল পাঠিয়েছিল স্কুলে।



