নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কালীপুজোর দিন দক্ষিণেশ্বর মন্দিরে লক্ষাধিক ভক্তের সমাবেশ হয়। মন্দিরমুখী জনতার একটার বড়ো অংশ মেট্রো পরিষেবা নেন। কাল, রবিবার কালীপুজো উপলক্ষ্যে মেট্রোর স্পেশাল পরিষেবা দেবে রেল। রবিবার রাত ১১টায় দিনের শেষ মেট্রো ছাড়বে দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে। দক্ষিণেশ্বর থেকে রাত ১১টায় যাত্রা শুরু করবে যে রেকটি, সেটি অবশ্য মহানায়ক উত্তমকুমার পর্যন্ত যাবে। তবে রাত ১০টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়া মেট্রো রেকটি দক্ষিণেশ্বর থেকে যাত্রীবোঝাই করে শহিদ ক্ষুদিরাম পর্যন্তই যাবে। দক্ষিণেশ্বরের পাশাপাশি এই মেট্রো লাইন কালীঘাট মন্দির ছুঁয়ে যায়। ফলে এদিন ব্লু লাইনে অসংখ্য মানুষ মেট্রো পরিষেবা নেবেন বলে ধরে নেওয়া হচ্ছে। সেই সূত্রে কাল মেট্রোর সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। অন্যান্য রবিবার এই মেট্রো করিডরে পরিষেবা চালু হয় সকাল ৯টায়। কালীপুজোর দিন এক ঘণ্টা আগে পরিষেবা চালু হবে। অর্থাৎ দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরাম থেকে সকাল ৮টায় প্রথম পরিষেবা মিলবে।
নর্থ-সাউথ করিডরের সঙ্গে এসপ্ল্যানেড স্টেশনের মাধ্যমে ইস্ট-ওয়েস্ট মেট্রো সংযুক্ত রয়েছে। সেই মতো ব্লু লাইনের সময়সূচিতেই কালও গঙ্গাবক্ষের এই পথে মেট্রো পরিষেবা পাবেন সাধারণ যাত্রীরা। অর্থাৎ হাওড়া ময়দান ও সল্টলেক সেক্টর ফাইভ থেকে গ্রিন লাইনে দিনের প্রথম ও শেষ মেট্রো ছাড়বে যথাক্রমে সকাল ৮টা ও রাত ১১টায়। শহরের প্রথম বিমানবন্দর সংযোগকারী মেট্রো রুটটি ব্লু লাইনের সঙ্গে নোয়াপাড়ায় যুক্ত রয়েছে। এই রুটে সকাল ৯টা ১৮ মিনিট ও সকাল ৯টা ৪০ মিনিটে দিনের প্রথম পরিষেবা চালু হবে যথাক্রমে নোয়াপাড়া ও জয়হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে। সংশ্লিষ্ট দুই স্টেশনে থেকে রাত ৯টা ও রাত ৯টা ২০ মিনিটে দিনের শেষ মেট্রো যাত্রা করবে। অন্যান্য রবিবারের মতো কালীপুজোর দিন মহানগরীর বাকি দুই মেট্রো লাইন (পার্পল ও অরেঞ্জ) সম্পূর্ণ বন্ধ থাকবে।



