Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

অমরাবতী মাঠ ‘লিজ’, রাস্তায় নেমে প্রতিবাদ নাগরিক সমাজের  

অমরাবতী মাঠ ‘লিজ’, রাস্তায় নেমে প্রতিবাদ নাগরিক সমাজের  
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বরানগর: অমরাবতী মাঠ নিয়ে পানিহাটিতে ক্ষোভের পারদ ক্রমশ চড়ছে। মাঠ লিজ দিয়ে আবাসন তৈরির গুঞ্জনে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বুধবার রাস্তায় নেমে মিছিলের পাশাপাশি পথসভাও করে সাধারণ মানুষ। কর্মসূচিতে পানিহাটি বামফ্রন্টের নেতারা নেতৃত্ব দেন। আগামী দিনে মাঠ রক্ষায় হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে পানিহাটির নাগরিক সমাজ। শুধু তাই নয়, শহরের নাগরিক কমিটির তরফে বিভিন্ন স্কুল, স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে ওই মাঠে নাগরিক কনভেনশনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। যদিও শাসক দল বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়েছে। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অমরাবতী মাঠ পানিহাটি পুরসভার কার্যত ফুসফুস। বড় জনসভা থেকে শুরু করে মেলা, খেলা, অনুষ্ঠানের হাজারো স্মৃতি জড়িয়ে রয়েছে এই মাঠ ঘিরে। ৮৩ বিঘার এই বিশাল মাঠের মালিক এসপিসিআই (সোসাইটি ফর দা প্রোটেকশন অব চিলড্রেন ইন ইন্ডিয়া) নামের একটি সোসাইটি। বাম জমানায় এই মাঠে স্টেডিয়াম তৈরির কথা ঘোষণা হলেও বাস্তবে একটি ইটও পড়েনি। সম্প্রতি সোসাইটি এই মাঠটি দিল্লির নামকরা সংস্থাকে লিজে দেওয়ার পরিকল্পনা করেছে। সূত্রের খবর, এখানে বৃহৎ আবাসন শিল্পের পাশাপাশি হাসপাতাল, নার্সিং ট্রেনিং কলেজও তৈরি হবে। এছাড়া পুরসভার জন্য তৈরি করে দেওয়া হবে স্পোর্টস কমপ্লেক্স, সুইমিং পুল ও কমিউনিটি সেন্টার। ওই বেসরকারি সংস্থার প্রতিনিধিরা ইতিমধ্যে জমি দেখে গিয়েছেন। লিজের প্রক্রিয়াও শুরু হয়েছে। আর এনিয়ে পানিহাটি জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এছাড়া ঠাকুর কর্নার নামে অন্য একটি বড় মাঠের জায়গাও বেদখলের অভিযোগ তোলা হয়েছে। সন্ধ্যায় অমরাবতী মাঠ থেকে বিটি রোড পর্যন্ত মিছিলে নেতৃত্ব দেন বামফ্রন্ট নেতারা।
সম্পর্কিত সংবাদ