নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ভারতের হয়ে অলিম্পিকে অংশ নেওয়া তিরন্দাজ সাগর চোপড়ার মৃত্যু হল ঝাড়খণ্ডের মিহিজামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাজিয়াবাদ ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার বাসিন্দা সাগর সিএলডব্লুর কর্মী ছিলেন। ২১ ফেব্রুয়ারি তাঁর বিয়ের দিন স্থির হয়েছিল। শনিবার এক বন্ধুকে নিয়ে মিহিজাম গিয়েছিলেন। গভীর রাতে সেখানেই একটি লরির সঙ্গে তাঁর স্কুটির সংঘর্ষ হয়। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর পরিবারের লোকজন দেহ নিয়ে গাজিয়াবাদ চলে যায়। চিত্তরঞ্জনে বিষয়টি জানাজানি হতেই শ্রমিক মহলে শোকের ছায়া নামে।



