সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ শহরের বিশেষ চাহিদা সম্পন্নদের একাংশ গত দু’মাস মানবিক প্রকল্পের ভাতা পাচ্ছেন না বলে অভিযোগ উঠল। আগামী মাসে অ্যাকাউন্টে ঢুকবে কি না, তা নিয়ে উপভোক্তাদের পরিবার দুশ্চিন্তায় রয়েছে। দিশাহীন হয়ে পুরসভার কাউন্সিলারদের অফিস এবং বাড়িতে প্রয়োজনীয় নথি নিয়ে ছুটছেন তাঁরা। শুধু তাই নয়, কয়েকদিন ধরে উপভোক্তাদের পরিবার পুরসভায় গিয়ে ভাতা বন্ধ থাকার কারণ জানার মরিয়া চেষ্টা করেছেন। জেলা প্রশাসন এবং পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরের ২০টি ওয়ার্ডে প্রায় ১৫০ জন মানবিক ভাতা পান। এর মধ্যে ৫৪ জনকে সুডা থেকে মাসিক এক হাজার টাকা করে দেওয়া হয়। পুরসভা সেগুলির নিয়ন্ত্রকের ভূমিকায়। বাকিরা সাব-ডিভিশন অফিস থেকে সমাজকল্যাণ বিভাগ থেকে মানবিক প্রকল্পের সুবিধা পান। সূত্রের খবর, এই উপভোক্তাদের একাংশের ভাতা বন্ধ হয়ে রয়েছে। নতুনপল্লীর বাসিন্দা নরেন পাল বলেন, আমার সন্তান জন্ম থেকে বিশেষ চাহিদাসম্পন্ন। কয়েক বছর ধরে এক হাজার টাকা করে মানবিক ভাতা পাচ্ছে। গত দু’মাস টাকা পায়নি। তার ওষুধ কেনার টাকা জোগার করা নিয়ে চিন্তা বাড়ছে। কাউন্সিলার পুরসভায় যেতে পরামর্শ দিয়েছেন। একই সমস্যা শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মানিয়াম বিবির ছেলের। বলেন, আমার ছেলেও দু’মাস ভাতা পায়নি। কী করব বুঝতে পারছি না।



