Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ওয়াকফ সম্পত্তির নথিপত্র জাল করে জমি বিক্রির বেআইনি চক্র

ওয়াকফ সম্পত্তির নথিপত্র জাল করে জমি বিক্রির বেআইনি চক্র
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বজবজ: রাজ্য সরকারের ওয়াকফ বোর্ডের সম্পত্তির রেকর্ড জাল করে তা মোটা টাকায় রায়তদের কাছে বিক্রি চলছে। এরপর কোথাও সেখানে বেআইনি নির্মাণ, কোথাও ওয়াকফের পুকুর ভরাট করে পাকা দালান উঠছে। সামগ্রিকভাবে এই বেআইনি কর্মকাণ্ড নিয়ে রাজ্য ওয়াকফ বোর্ড, দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক, আলিপুর মহকুমাশাসক থেকে শুরু করে ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের প্রশাসনিক প্রধান বিডিওকে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অভিযোগকারীদের দাবি, এ ধরণের কাজ চলছে ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টা কালিকাপুরের লালশান, বেলতলা, দীঘিরপাড় সহ সংলগ্ন এলাকায়। অভিযোগকারীদের পক্ষে গোলাম সামদালি মণ্ডল বলেন, রাজ্য ওয়াকফ বোর্ডের কাছে কয়েক দফায় গিয়ে দরবার করেছি। তার পরিপ্রেক্ষিতে কয়েকদিন আগে দক্ষিণ ২৪ পরগণা সংখ্যালঘু বিভাগ থেকে ফোন করেছিল। বিস্তারিত বলেছি। সেখান থেকে দেখার আশ্বাস দিয়েছে। ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের বিডিও সুর্বণা মজুমদার বলেন, কালীপুজোর আগে এই সম্পর্কে একটি অভিযোগ আমাদের কাছে এসেছে। অফিস খোলার পর নিশ্চয়ই তদন্ত করে দেখা হবে। রাজ্য ওয়াকফ বোর্ডের এক আধিকারিক বলেন, বিষয়টি দেখা হচ্ছে। গোলাম সামদালি মণ্ডল লিখিতভাবে যে অভিযোগ করেছেন, তাতে বলেছেন, চট্টাতে সুবিদ আলি বক্স মোল্লা, ইমাম বক্স মোল্লা এবং একিম বক্স মোল্লা এই তিনজনের নামে ওয়াকফ বোর্ডের প্রচুর জমি, পুকুর আছে। এই সব সম্পত্তি রেজিস্ট্রি অফিসে তথ্য গোপন করে জাল দলিল করা হচ্ছে। এরপর সেই দলিল নিয়ে বিএলএলআরও অফিস থেকে পরচা তৈরি হচ্ছে । মোটা অঙ্কের বিনিময়ে একটি বড় চক্র এর পিছনে কাজ করছে। তিনি এই প্রসঙ্গে বলেছেন, লালশান, বেলতলা, দিঘিরপাড়ে এ আমার বাবার নামে ৩৩ শতক জমি ডিড হয়েছিল ১৯৫৬ সালে। তার ও আগে মায়ের ঠাকুর্দা ও তার আগের পূর্বপুরুষরা এখানে ছিলেন। সেই হিসেবে ইংরেজ আমল থেকে এখানে বসবাস আমাদের। ওই সময় পাশে যাতায়াতের জন্য একটি রাস্তা ব্যবহার করে আসছি। এখন ওই এলাকায় আরও ৩৩টি পরিবারের যাতায়াতের ওটাই হল একমাত্র পথ। একদিন দেখছি সেই রাস্তাটি র উপর আচমকা নির্মাণ হচ্ছে। সকলে বাধা দিলাম। কাজ হল না। শেষে ওই জমির রেকর্ড ঘেঁটে দেখলাম, তা ওয়াকফ বোর্ডের সম্পত্তি। পাশে আরও একটি পুকুর একই ভাবে দখল হচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ