নয়াদিল্লি: ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৪ নিয়ে সরকার ও বিরোধী পক্ষের মতবিরোধ ক্রমেই বেড়ে চলেছে। এবার সংশ্লিষ্ট বিল নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির বিরোধী দলের সদস্যরা লোকসভার অধ্যক্ষের দ্বারস্থ হলেন। মঙ্গলবার তাঁরা অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করেন। তাঁদের অভিযোগ, এই বিল নিয়ে একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছেন কমিটির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ জগদম্বিকা পাল। অধ্যক্ষের সঙ্গে বৈঠক শেষে তাঁদের গলায় স্বস্তির সুর ধরা পড়েছে। বিরোধী দলের সাংসদরা জানান, অধ্যক্ষ ধৈর্য সহকারে তাঁদের কথা শুনেছেন এবং দ্রুত এনিয়ে সিদ্ধান্ত গ্রহণের কথাও জানিয়েছেন। অধ্যক্ষ বিরোধী সদস্যদের উদ্বেগের বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
Advertisement
এদিন বৈঠকের পাশাপাশি অধ্যক্ষের কাছে কংগ্রেস, ডিএমকে, এআইএমআইএমের সাংসদদের স্বাক্ষরিত একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে। সেই স্মারকলিপিতে বলা হয়, চেয়ারম্যান জগদম্বিকা পাল কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে পরামর্শ না করেই বৈঠকের দিনক্ষণ ঠিক করছেন। এখানেই শেষ নয়। নিজের ইচ্ছেমতো নানা সংস্থা ও ব্যক্তিদেরও এই বৈঠকে আমন্ত্রণ জানাচ্ছেন। কারও কোনও মতামত নেওয়া হচ্ছে না। যদি এভাবেই একতরফা সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে তারা এই কমিটি থেকে সরে যেতে বাধ্য হবেন। পরে বৈঠক থেকে বেরিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ‘আলোচনা ফলপ্রসূ হয়েছে। অধ্যক্ষ সমস্ত বিষয় অত্যন্ত ধৈর্য সহকারে ও মনোযোগ দিয়ে শুনেছেন। তিনি জানিয়েছেন শীঘ্রই বিষয়টি নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’ আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং বলেছেন, স্পিকারের তরফে ইতিবাচক পদক্ষেপের পরই তাঁরা ফের যৌথ সংসদীয় কমিটির বৈঠকে যোগ দেবেন।



