Bartaman Logo
২৭ মে, ২০২৬

অকালির সভাপতি পদ ছাড়লেন সুখবীর সিং বাদল

অকালির সভাপতি পদ ছাড়লেন সুখবীর সিং বাদল
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
চণ্ডীগড়: ২০০৮ সাল থেকে দলের দায়ভার সামলেছেন। দু’বার পাঞ্জাবের উপ মুখ্যমন্ত্রী নির্বাচিতও হয়েছেন। কিন্তু দলের অন্দরে ক্রমে জমতে থাকা ক্ষোভ আর টানাপোড়েনই কাল হল। প্রায় ১৬ বছর ২ মাস পর কার্যত বাধ্য হয়ে শনিবার শিরোমণি অকালি দলের সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সুখবীর সিং বাদল। সামনেই পাঞ্জাবের চার বিধানসভা আসনে উপনির্বাচন। এই ইস্তফার জেরে অকালি দল ধাক্কা খেল বলে মনে করছে রাজনৈতিক মহল। 
Advertisement
এদিন সোশ্যাল মিডিয়ায় পাঞ্জাবের প্রাক্তন শিক্ষামন্ত্রী দলজিৎ এস চিমা জানান, দলের কার্যকরী কমিটির কাছে ইতিমধ্যেই তাঁর ইস্তফাপত্র জমা দিয়েছেন সুখবীর। এতদিন পর্যন্ত তাঁর নেতৃত্বের উপর ভরসা রাখার জন্য দলের সমস্ত নেতা-কর্মীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বেশ কয়েকমাস ধরেই তাঁকে ঘিরে দলের অন্দরে ক্ষোভ জমছিল। বহু নেতা-কর্মী তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। প্রাক্তন সাংসদ প্রেম সিং চন্দুমাজরা বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে তাঁর ইস্তফা চাইছিলাম। কারণ তাঁর নেতৃত্বে দল ক্রমশ দুর্বল হয়ে পড়েছে।’ ইতিমধ্যেই সোমবার দুপুর ১২ টা নাগাদ চণ্ডীগড়ে দলের সদর দপ্তরে একটি জরুরি বৈঠক ডেকেছেন কার্যকরী কমিটির সভাপতি বলবিন্দর সিং ভুন্দর। জানা গিয়েছে, আগামী ১৪ ডিসেম্বর রয়েছে পরবর্তী সভাপতি পদের নির্বাচন প্রক্রিয়া।
সম্পর্কিত সংবাদ