নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অবসর গ্রহণের পরেও যতদিন খুশি নিজের ইপিএফ অ্যাকাউন্টে সঞ্চিত টাকা জমা রাখতে পারবেন গ্রাহক। কিন্তু অনন্তকাল ধরে সেই সঞ্চিত টাকার উপর কর্মী পিএফের (ইপিএফ) সুদ পাবেন না অবসর নেওয়া গ্রাহকরা। ইপিএফ অ্যাকাউন্টের গচ্ছিত অর্থ সুদ সমেত পেতে হলে অবসর গ্রহণের পরবর্তী ৩৬ মাসের মধ্যেই সেই টাকা তুলে নিতে হবে সংশ্লিষ্ট গ্রাহককে। সেক্ষেত্রে যখন টাকা তোলা হচ্ছে, সেইসময় ইপিএফের যা সুদ থাকবে, সেইমতোই তা পেয়ে যাবেন কর্মী পিএফের গ্রাহকরা। অর্থাৎ, অবসর নেওয়ার তিন বছর পর থেকে আর সংশ্লিষ্ট গ্রাহকদের ইপিএফ অ্যাকাউন্টের জমা টাকায় সুদ দেবে না ইপিএফও। এহেন নিয়মের সর্বাত্মক প্রচারের পথে হাঁটছে ভবিষ্যনিধি সংগঠন। কারণ শ্রমমন্ত্রকের শীর্ষ সূত্রে দাবি করা হয়েছে যে, নিয়ম পুরনো হলেও অধিকাংশ ক্ষেত্রেই তা জানেন না বহু ইপিএফ গ্রাহক। ফলে বিভ্রান্তি অনেক সময়ই চরমে ওঠে। ৩৬ মাস পেরিয়ে যাওয়ার পর টাকা তুললে যখন দেখতে পান যে, সুদের টাকা জমা পড়েনি, তখন ইপিএফওর কাছেও একগুচ্ছ অভিযোগ জমা পড়ে। এর ফলে হয়রানি হয় দু’পক্ষেরই। ইপিএফও সূত্রে জানানো হয়েছে যে, এই সংক্রান্ত যাবতীয় বিভ্রান্তি দূর করতেই এবার পুরনো নিয়মেরই সার্বিক সচেতনতামূলক প্রচার করা হবে। এর ফলে বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার সুযোগ থাকবে কর্মী পিএফের গ্রাহকদের।



