Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

অবশেষে মন্দিরবাজারের সদাশিবপুরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরির অনুমোদন

অবশেষে মন্দিরবাজারের সদাশিবপুরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরির অনুমোদন
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বারুইপুর: দীর্ঘ পাঁচ বছর ধরে মন্দিরবাজারে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের জন্য বরাদ্দ জমি পড়েই ছিল। সম্প্রতি সদাশিবপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের জন্য স্বাস্থ্যদপ্তরের অনুমোদন মিলেছে। এই প্রসঙ্গে ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলার মুখ্য আধিকারিক জয়ন্ত সুকুল বলেন, মন্দিরবাজার ব্লকে আর কোনও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নেই। তাই এলাকার বাসিন্দাদের অনেকদিনের দাবি ছিল এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের। অবশেষে মানুষের দাবি পূরণ হতে চলেছে। দ্রুত কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। এনিয়ে বিধায়ক জয়দেব হালদার বলেন, পাঁচ বছর ধরে বরাদ্দ জমি পড়ে ছিল। স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের সবুজ সঙ্কেত মেলায় উপকৃত হবে কয়েক হাজার মানুষ। সামান্য রোগ-বিরেতে পাঁচটি পঞ্চায়েতের মানুষজনকে আর ব্লকের নাইয়ারাট গ্রামীণ হাসপাতালে ছুটতে হবে না।
Advertisement
মন্দিরবাজার ব্লকের কেঁচারকুড় পঞ্চায়েতের সদাশিবপুর মৌজায় ১২ বিঘা জমি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের জন্য চিহ্নিত করা হয়েছিল ব্লক প্রশাসনের পক্ষ থেকে। স্বাস্থ্যবিভাগ থেকে বারংবার জায়গা পরিদর্শনের পরেও কাজ থমকে ছিল। বিধায়ক জয়দেব হালদার উদ্যোগী হয়ে একাধিকবার চেষ্টা করেছিলেন এই কাজের জন্য। এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মিত হলে দক্ষিণ বিষ্ণুপুর, চাঁদপুর-চৈতন্যপুর, কেঁচারকুড়, নিশাপুর, জগদীশপুর পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ পরিষেবা পেতে পারেন। মন্দিরবাজার বটতলা থেকে নাইয়ারাট গ্রামীণ হাসপাতালের দূরত্ব নয় কিলোমিটার। ভুক্তভোগী এলাকার বাসিন্দারা বলেন, এই হাসপাতালে রোগী নিয়ে যেতে কালঘাম ছুটে যায় আমাদের। সন্ধ্যার পর বটতলা থেকে কোনও গাড়ি পাওয়া যায় না হাসপাতালে যাওয়ার। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ হলে অনেক সমস্যার সমাধান মিটবে। স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গিয়েছে, ১০টি বেডের স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ হবে। দু’জন চিকিৎসক ছ’জন নার্স, চারজন গ্রুপ ডি কর্মী রাখার চিন্তভাবনা করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ