নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুলে ভর্তির নিয়মাবলি প্রকাশ করেও ফর্ম বিলির দিনক্ষণ ঘোষণা করতে পারেনি শিক্ষাদপ্তর। সূত্রের খবর, ওবিসি সংরক্ষণে আইনি জটিলতার কারণেই ‘ধীরে চলো’ নীতি নিয়েছে সরকার। ৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টে এই সংরক্ষণ সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা। তাই সেদিন পর্যন্ত অপেক্ষা করার কথা ভাবছে বিকাশ ভবন। তবে, এই জটিলতায় ২০ থেকে ২৫ লক্ষ পড়ুয়ার ভর্তি আপাতত অনিশ্চয়তার মুখে পড়ল। প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণির ভর্তি নিয়মাবলি ২৬ নভেম্বর প্রকাশ করেছিল শিক্ষাদপ্তর। সাধারণত, একই সঙ্গে বা পরদিন ফর্মবিলির বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়। তবে, সেটা না-হওয়ায় দুশ্চিন্তায় রয়েছে স্কুলগুলি। অভিভাবকরাও স্কুলে যোগাযোগ করছেন। এনিয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছে ঐতিহ্যশালী সরকারি স্কুলগুলি। তাদের আশঙ্কা, সরকার পোষিত স্কুলগুলি নিজেদের মতো করে প্রভিশনাল অ্যাডমিশন করিয়ে নিতে পারে। সেক্ষেত্রে সরকারি স্কুলগুলির পড়ুয়া পেতে সমস্যা হবে। পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন, সব স্কুলই যাতে একসঙ্গে ভর্তি শুরু করে, সেটা নিশ্চিত করতে হবে শিক্ষাদপ্তরকে।



