নয়াদিল্লি, ৫ ডিসেম্বর: মেট্রোর কেবলের তার চুরি! এই কাণ্ডের ফলে রীতিমতো অবাক মেট্রো কর্তৃপক্ষও। ঘটনাটি ঘটেছে দেশের রাজধানী দিল্লিতে। আজ, বৃহস্পতিবার সকালে দিল্লি মেট্রো কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয়, ব্লু লাইনে(মেট্রো রুটের নাম) দ্বারকা সেক্টর ২১ থেকে নয়ডা ইলেকট্রনিক সিটি/ বৈশালী নগর পর্যন্ত পরিষেবা নিয়ন্ত্রিত করা হবে। ওই রুটে মেট্রোর গতিও স্বাভাবিকের থেকে কম থাকবে। কারণ হিসেবে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ জানায়, ব্লু লাইনে দিল্লির মোতি নগর ও কীর্তি নগরের মাঝে থাকা কিছু কেবল লাইন চুরি হয়ে গিয়েছে। কিছু কেবল লাইন ক্ষতিগ্রস্তও হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের অনুমান চোরেরা চুরি করতে গিয়েই তা নষ্ট করে দিয়েছে। মূলত ওই কেবলের তারগুলি চুরি ও নষ্ট হয়ে যাওয়ায় সিগন্যালিং ব্যবস্থায় সমস্যা হচ্ছে ব্লু লাইনের সংশ্লিষ্ট রুটে। এরমধ্যে যাত্রী পরিষেবা শুরু হয়ে যাওয়ায় মেরামতির কাজও শেষ করা যায়নি। আজ, বৃহস্পতিবার রাতে যাত্রী পরিষেবা শেষ হলে পুনরায় মেরামতির কাজ শুরু হবে মোতি নগর ও কীর্তি নগরের মাঝে। এমনটাই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। পাশাপাশি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসও দেওয়া হয়েছে। তবে ব্লু লাইনের বাকি জায়গায় পরিষেবা স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছে দিল্লি মেট্রো। কিন্তু কীভাবে এই চুরির ঘটনা ঘটল? তা জানতে তদন্ত শুরু হয়েছে।



