নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অভিযোগ পাওয়ার পর মাত্র ১২ ঘণ্টার মধ্যে ধামাখালি থেকে উধাও হয়ে যাওয়া গাড়ি উদ্ধার করল সিআইডি। গ্রেপ্তার করা হয়েছে গাড়িচালক বোধিসত্ত্ব বন্দ্যোপাধ্যায়কে। তার বিরুদ্ধে এর আগেও গাড়ি চুরির অভিযোগ রয়েছে। সেই গাড়িগুলি কোথায় বিক্রি করেছে, ধৃতকে জেরা করে তা জানার চেষ্টা চলছে। সিআইডি সূত্রে জানা গিয়েছে, পেশায় শিক্ষক শুভজিৎ মণ্ডল গাড়িচালকের খোঁজে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেন। তা দেখে যোগাযোগ করে ঠাকুরপুকুর এলাকার বাসিন্দা বোধিসত্ত্ব। দিন পনেরো ধরে সে ওই গাড়ি চালাচ্ছিল। ২৮ ডিসেম্বর শুভজিৎবাবু সন্দেশখালিতে ঘুরতে যান। ধামাখালিতে গাড়ি রেখে ওপারে যান তিনি। সন্ধ্যায় ফিরে এসে দেখেন গাড়ি নেই, চালকের ফোনও বন্ধ। তিনি অন্য একটি গাড়ি ভাড়া করে শেষ অবধি বাড়ি ফেরেন। ভেবেছিলেন, তাঁরা ওইদিন ফিরবেন না ভেবে হয়তো বোধিসত্ত্ব গাড়ি নিয়ে বাড়ি ফিরে এসেছে। কিন্তু বাড়িতে এসে দেখেন, গাড়ি আসেনি। এরপর চালকের আধার কার্ডের ঠিকানা ধরে তার বাড়িতে যান শুভজিৎবাবু। সেখানে গিয়ে জানতে পারেন, সে আগে এভাবেই বহু গাড়ি হাতিয়েছে। পুলিস তাকে খুঁজছে। তিনি সন্দেশখালি থানায় গাড়ি চুরির অভিযোগ করেন ২৯ ডিসেম্বর। কিন্তু থানা কোনও ইতিবাচক ভূমিকা না নেওয়ায় তিনি বাধ্য হয়ে সোমবার বেলা ২টো নাগাদ সিআইডি অফিসে এসে গোটা ঘটনা জানান। এরপর সিআইডি অফিসাররা সময় নষ্ট না করে কাজে নেমে পড়েন। চালকের মোবাইলের কল ডিটেইলস ঘেঁটে সে কার কার সঙ্গে কথা বলেছে, তা বের করা হয়। এরপর একজনকে চিহ্নিত করে তার কাছে যান সিআইডি অফিসাররা। মঙ্গলবার সকালে ওই ব্যক্তিকে দিয়ে ফাঁদ পেতে ডেকে পাঠানো হয় বোধিসত্ত্বকে। সে কলকাতায় আসামাত্র তাকে গ্রেপ্তার করে সিআইডি। তাকে জেরা করে বাসন্তী হাইওয়ের ধার থেকে উদ্ধার করা হয় চুরি করা গাড়িটি। অভিযুক্তকে সন্দেশখালি থানার হাতে তুলে দেওয়া হয়েছে।



