নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালক কন্যাকে কুকথা বলার অভিযোগে ধৃতদের পুলিসি হেফাজতে অত্যাচার করা হচ্ছে। এহেন অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে সম্প্রতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সোমবার সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতেই সর্বোচ্চ আদালতের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের বেঞ্চ স্থগিতাদেশ দিয়েছে। নোটিস পাঠানো হয়েছে বিবাদীদের। আগামী ১৮ নভেম্বর পরবর্তী শুনানি হবে। আর জি কাণ্ডের আবহে অভিষেকের কন্যার নামে ডায়মণ্ডহারবারের দুই মহিলাকুরুচিকর মন্তব্য করেছিলেন বলেই অভিযোগ। যার জেরে ফলতা থানায় অভিযোগ দায়ের হওয়ায় তাদের গ্রেপ্তার করে পুলিস। অভিযুক্তদের অভিযোগ, পুলিস তাদের উপর অত্যাচার করছে। এরপরই সিবিআই তদন্তের নির্দেশ দেয় উচ্চ আদালত। রাজ্য সরকার সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসেছে।
Advertisement
সোমবার রাজ্যের হয়ে সওয়াল করতে গিয়ে আইনজীবী কপিল সিবাল বলেন, পুলিসের বিরুদ্ধে অত্যাচারের এই অভিযোগ সম্পূর্ণ সাজানো। অভিযুক্তদের যখন এই মামলায় নিম্ন আদালতে পেশ করা হয়েছিল, তখন তারা এ ব্যাপারে কিছুই বলেনি। এখন নতুন করে সাজিয়ে মিথ্যে অভিযোগ করছে। হাইকোর্ট কোনও কিছু বিবেচনা না করেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। তাছাড়া রাজ্য সরকার এই অভিযোগের সত্যতা আছে কিনা যাচাই করতে দুই সদস্যের একটি বিশেষ টিমও গড়েছে। সেখানে সিবিআই তদন্তের কী প্রয়োজন? তাই হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হোক, আবেদন করে রাজ্য। সেই আবেদনে সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট।



