নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নৈহাটি রেল স্টেশনের মধ্যবর্তী ওভারব্রিজ পুনর্নির্মাণের দাবিতে বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মীরা। এছাড়া ৬ নম্বর প্ল্যাটফর্মে যাত্রীদের সুরক্ষা সহ একাধিক সুবিধার দাবিতে প্রদেশ কংগ্রেসের সদস্য পরেশ সরকারের নেতৃত্বে নৈহাটির কংগ্রেসের কর্মীরা বিক্ষোভ দেখান। বিক্ষোভের পর পূর্ব রেলের ডিআরএম-এর উদ্দেশ্যে স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দেওয়া হয়। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য পরেশ সরকার বলেন, নৈহাটি স্টেশনের যাত্রীদের সুবিধার্থে আট দফা দাবি সমেত ডেপুটেশন দেওয়া হল। অতি দ্রুত যদি এই দাবি না মানা হয়, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন কংগ্রেসের কর্মীরা। প্রসঙ্গত, নৈহাটি স্টেশনের মধ্যবর্তী স্থানে একটি ওভারব্রিজ ছিল। তা রেল ভেঙে দেয়। তবে এই ব্রিজটি থাকার জন্য নৈহাটি স্টেশনে এপার-ওপার করতে খুবই সুবিধা হতো। এছাড়া নতুন প্লাটফর্ম হয়েছে ছয় নম্বর। কিন্তু সেই প্ল্যাটফর্ম থেকে আসা-যাওয়া করা রেল যাত্রীদের পক্ষে কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখানেও একটি ওভারব্রিজ করার জন্য দাবি জানিয়েছেন কংগ্রেসের কর্মীরা।



