Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

অভিজাত অনুষ্ঠান বাড়ি আগুনে ছাই

অভিজাত অনুষ্ঠান বাড়ি আগুনে ছাই
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রবিবার সন্ধ্যায় হাওড়ার ফোরশোর রোডের পাশে এক অভিজাত অনুষ্ঠান বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিন ওই ভবনে কোনও অনুষ্ঠান না থাকায় কেউ হতাহত হননি। দমকলের তিনটি ইঞ্জিন অকুস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অনুষ্ঠান বাড়ির ভিতরে প্রচুর দাহ্য সামগ্রী মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে বলে দমকল সূত্রে জানা গিয়েছে।
Advertisement
ফোরশোর রোডে রামকৃষ্ণপুর ঘাট ক্রসিংয়ের কিছুটা আগেই রয়েছে এই অভিজাত অনুষ্ঠান বাড়িটি। এই বাড়িটি বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। জানা গিয়েছে, আগামী বুধবার সেখানে বড় আকারে একটি অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে। সেই জন্য গত কয়েকদিন ধরেই ভবনের ভিতরে ডেকরেটারের কর্মীরা কাজ করছিলেন। রবীন্দ্রনাথ দলুই নামের এক কর্মী বলেন, ‘রং মিস্ত্রি, ফুলের লোক ও ডেকরেটরের কর্মী মিলিয়ে আমরা প্রায় ১২ জন ছিলাম। কাজ শেষে আমরা ভিতরেই বসেছিলাম। হঠাৎই ওই বিল্ডিংয়ের পাশে থাকা একটি মিটার বক্স থেকে আগুন বের হতে দেখি। মুহূর্তের মধ্যেই সেই আগুন দাউদাউ করে ছড়িয়ে পড়ে।’ 
জানা গিয়েছে, কাগজ, থার্মোকল ও প্লাস্টিক জাতীয় প্রচুর দাহ্য বস্তু মজুত থাকার কারণে কয়েক মিনিটের মধ্যে গোটা বিল্ডিং গ্রাস করে ফেলে আগুন। পাশাপাশি ভবনের একাংশে দাহ্য সামগ্রীর একটি ছোট গোডাউন থাকায় সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। খবর পেয়ে প্রথমে দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। তারপর আসে আরও একটি ইঞ্জিন। গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ঘটনাস্থলে আসেন শিবপুর থানা ও হাওড়া সিটি পুলিসের উচ্চ পদস্থ আধিকারিকরা। দমকলের এক আধিকারিক বলেন, ‘শর্ট সার্কিটের কারণেই আগুন ধরেছে বলে প্রাথমিকভাবে অনুমান। এই ঘটনায় কেউ আহত হননি। ভবনের মালিককে খবর দেওয়া হয়েছে।’
সম্পর্কিত সংবাদ