Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

অবৈধ টোটো তৈরির কারখানা কোন্নগরে, সিল করল পুরসভা

অবৈধ টোটো তৈরির কারখানা কোন্নগরে, সিল করল পুরসভা
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বেআইনি টোটো কারখানার বিরুদ্ধে অভিযান চালাল কোন্নগর পুরসভা। বুধবার ভাগাড়ের মোড়ে একটি গ্যারাজের আড়ালে চলা ওই টোটো কারখানায় হানা দেন পুরসভার চেয়ারম্যান স্বপন দাস ও পুরকর্মীরা। দেখা যায়, সেখানে বেআইনিভাবে দেদার টোটো তৈরির কাজ চলছে। দ্রুত ওই গ্যারেজ সিল করে দেওয়ার নির্দেশ দেন পুরপ্রধান। তবে রাত পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি। পুরসভা সূত্রে জানা গিয়েছে, গ্যারেজ মালিক নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। পরে স্বপনবাবু বলেন, বেআইনিভাবে লেদ কারখানার আড়ালে টোটো তৈরির কাজ চলছিল। সম্প্রতি আমরা কিছু নতুন টোটো ও নতুন ধরনের নম্বর প্লেট দেখতে পাই। তারপরেই আমরা অনুসন্ধান চালাচ্ছিলাম। বুধবার সেই অবৈধ কারখানার হদিশ মিলেছে। আইনি পরামর্শ নিচ্ছি। দ্রুত পদক্ষেপ করা হবে। আপাতত, কারখানা সিল করে দেওয়া হয়েছে।
Advertisement
সম্প্রতি কোন্নগরে টোটোর সংখ্যা গণনার কাজ শুরু হয়েছে। সেই সঙ্গে টোটো মালিকদের সংখ্যা গণনার কাজও করা হচ্ছে। শহরজুড়ে টোটোর দাপাদাপি রুখতে ওই পদক্ষেপ জেলাজুড়েই চালাচ্ছে পরিবহণ দপ্তর। তাতে পুরসভাও যোগ দিয়েছে। সেই কর্মসূচি থেকেই ইঙ্গিত মেলে যে, দ্রুত টোটোর সংখ্যা বাড়ছে। তারপরেই স্থানীয়স্তরে কোথাও টোটো তৈরি হচ্ছে এমন তথ্য মেলে। পুরসভার এক কর্তা বলেন, সমস্ত টোটোকে সরকারি স্বীকৃতি দেওয়া হবে, এমন একটা ধারণা তৈরি হয়েছে। সেই কারণেই দ্রুত স্থানীয় স্তরে টোটো তৈরির তৎপরতা শুরু হয়েছিল।
সম্পর্কিত সংবাদ