সংবাদদাতা, বর্ধমান: রায়না থানার পুলিস একটি অবৈধ মাটিবোঝাই ট্রাক্টর আটক করেছে। ট্রাক্টরটির চালক আকাশ সিংকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি রায়না থানার বাঁধগাছায়। পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার রাতে শ্যামদাসবাটি-শ্যামসুন্দর রোড ধরে ট্রাক্টরটি শ্যামসুন্দরের দিকে আসছিল। পুলিস শ্যামদাসবাটি মোড়ের কাছে ট্রাক্টরটিকে আটকায়। চালক মাটির বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি বলে পুলিসের দাবি। শ্যামদাসবাটি থেকে অবৈধভাবে মাটি কেটে তা বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃত চালককে জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিস। এবিষয়ে পুলিস স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। ধৃতকে শুক্রবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ভারপ্রাপ্ত সিজেএম ধৃতের তিনদিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন।



