Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

অবৈধ দখলদার উচ্ছেদে দমদম রোডে কাল ফের অভিযান

অবৈধ দখলদার উচ্ছেদে দমদম রোডে কাল ফের অভিযান
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বরানগর: দমদম রোডে অবৈধ দখলদার সরানো নিয়ে কম বিতর্ক হয়নি। তারপরও পরিস্থিতির আগের মতোই। এখনও অফিস টাইমে যানজটে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। এই অবস্থায় দমদম রোডে ফের অবৈধ দখলদার সরানো, সকালে বাজার বসার জন্য ‘লক্ষ্মণ গণ্ডি’ টানার মতো একাধিক সিদ্ধান্ত নিল পুরসভা। আগামী কাল সন্ধ্যায় পুরসভা, পুলিস ও পূর্তদপ্তর একযোগে অভিযান চালাবে। এছাড়া দমদম রোডে টোটো ও ভ্যানো চলাচলেও নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এইসব সিদ্ধান্ত বাস্তবে কতটা কার্যকর হবে, তা নিয়ে শহরবাসীর মধ্যে প্রশ্ন রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দমদম রোডে যানজটের সমস্যা নতুন নয়। তবে রাস্তায় দখলদারির কারণে এই সমস্যা মারাত্মক আকার নিয়েছে। মূলত দমদম স্টেশন থেকে হনুমান মন্দির পর্যন্ত অংশে দু’বেলা বাজার রাস্তায় বসায় যানজট মারাত্মক আকার নিয়েছে। তার উপর রাস্তার উপর অটো, টোটো ও রিকশার সংখ্যা বাড়ায় তা ভয়াবহ আকার নিয়েছে। দমদম রোডের স্টেশন থেকে হনুমান মন্দির পর্যন্ত অংশকে দখলদার মুক্ত করতে বৃহস্পতিবার ফের দক্ষিণ দমদম পুরসভায় বৈঠক করা হয়। সেখানে সিদ্ধান্ত হয়েছে, আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর মাইকিং করা হবে। ২৯ তারিখ সন্ধ্যা থেকে রাস্তার দু’দিকে অবৈধ দখলদারদের সরিয়ে দেওয়া হবে। রাতে পূর্তদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে ফুটপাত থেকে দু’ফুট পর্যন্ত অংশ সাদা দাগ দিয়ে গণ্ডি টেনে দেওয়া হবে। সব্জি ও মাছ ব্যবসায়ীদের ওই দাগের মধ্যে বসতে হবে। এছাড়া দমদম রোডে ইমারতি সামগ্রী ও সব্জি বোঝাই প্রচুর ভ্যানো গাড়ি যাতায়াত করে। ওই গাড়ি চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া টোটো চলাচলের উপরও নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে থাকা পুরসভার কাউন্সিলার তথা দমদম বিধানসভা এলাকার (দক্ষিন দমদম পুরসভা) তৃণমূল সভাপতি রাজু সেনশর্মা বলেন, দমদম রোড যানজট মুক্ত করতে সমস্ত অবৈধ দখলদার উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুপুর ১২টা থেকে বিকেল চারটে পর্যন্ত দমদম রোডে টোটো থাকবে। তার আগে বা পরে এলে পুলিস আইনানুগ পদক্ষেপ নেবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ