Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ন্যায্য ক্ষতিপূরণের দাবি, আমডাঙা বিডিও অফিসে ধর্না জমিদাতাদের

ন্যায্য ক্ষতিপূরণের দাবি, আমডাঙা বিডিও অফিসে ধর্না জমিদাতাদের
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: জমিজটে আমডাঙায় থমকে ১২ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ। জট কাটাতে জমিদাতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছে ব্লক প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কিন্তু অবস্থার পরিবর্তন হয়নি। বাসিন্দাদের দাবি, ২০১৩ সালের নিয়ম মেনে ক্ষতিপূরণ দিতে হবে। এই দাবি তুলে সোমবার রাত পর্যন্ত বিডিও অফিসে ধর্না দেন জমি মালিকরা। পরে বিডিও’র আশ্বাসে বিক্ষোভ ওঠে।
Advertisement
কলকাতার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের লাইফলাইন হল ১২ নম্বর জাতীয় সড়ক। এই সড়কে যানবাহনের গতি বাড়াতে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। বারাসতের ডাকবাংলো মোড় থেকে শুরু হয়েছে ১২ নম্বর জাতীয় সড়ক। জেলা সদর থেকে আমডাঙার সন্তোষপুর পর্যন্ত রাস্তা সম্প্রসারণ হয়ে গিয়েছে। সন্তোষপুর থেকে রাজবেড়িয়া মোড় পর্যন্ত সম্প্রসারণর কাজ আটকে রয়েছে দীর্ঘ বছর। এই অংশে ২১টি মৌজা রয়েছে। রাস্তার দূরত্ব কমবেশি ১৮ কিলোমিটার। জমিদাতার সংখ্যা ১২ হাজার ছুঁইছুঁই। ফাঁকা জমি, বাড়ি যেমন রয়েছে, তেমনই দোকানঘর ও কয়েকটি কারখানাও রয়েছে অধিগৃহীত অংশে। অধিগ্রহণের জন্য দু’ধারে জমি চিহ্নিতকরণ হয়ে গিয়েছে। কিন্তু সেই জমি দখল নিতে পারেনি প্রশাসন। পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবিতে একাধিকবার আন্দোলন করেছেন জমিদাতারা। পরবর্তীকালে অবশ্য জাতীয় সড়ক সম্প্রসারণের পর ন্যায্য অধিকার রক্ষা কমিটি গড়েছেন জমিদাতারা। সোমবার সকাল থেকেই বিডিও অফিসে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারী জয়ন্তী ঘোষ, রসনা বিশ্বাস, মহম্মদ মহিম আলি বলেন, ২০১৩ সালের কেন্দ্রীয় জমি অধিগ্রহণ আইন অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। কারণ এই জমিই আমাদের শেষ সম্বল। তাই আমরা রাত পর্যন্ত বিডিওর ঘরের সামনে ধর্নায় বসেছিলাম। বিডিও ক্ষতিপূরণের বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন।
সম্পর্কিত সংবাদ