নিজস্ব প্রতিনিধি, বিধাননগর ও কলকাতা: নিউটাউনের ফ্ল্যাট থেকে বাংলাদেশের সিলেটের চারজন আওয়ামি লীগ নেতাকে গ্রেপ্তার করল পুলিস। রবিবার রাতে মেঘালয় পুলিস নিউটাউনে এসে তাদের গ্রেপ্তার করেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই চারজন নেতা বাংলাদেশের সিলেট থেকে পালিয়ে মেঘালয়ের শিলংয়ে চলে গিয়েছিল। সেখানে ডাউকি থানায় তাদের নামে চুরি-ছিনতাইয়ের অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলার তদন্ত করছে মেঘালয় পুলিস। ওই চারজন নিউটাউনের একটি ফ্ল্যাটে এসে উঠেছিল। রবিবার রাতে নিউটাউনের ওই ফ্ল্যাটে হানা দেয় ডাউকি থানার পুলিস। জানা গিয়েছে, গ্রেপ্তারের পর ট্রানজিট রিমান্ডে চারজনকেই শিলংয়ে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে, বাংলাদেশ ইস্যুতে ডোরিনা ক্রসিংয়ে ১০ ডিসেম্বর বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল সিটিজেন এমপাওয়ারমেন্ট ফোরাম নামে একটি সংগঠন। কিন্তু, সেখানে অন্য কর্মসূচি থাকা পুলিস তাদের অনুমতি দেয়নি। তাই ওই সংগঠন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। আদালত ডোরিনা ক্রসিংয়ের বদলে তাদের শ্যামবাজার মেট্রোর ১ নম্বর গেটের কাছে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মসূচি করার অনুমতি দিয়েছে।



