Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

নিউটাউনের আদলে রাজ্যের দ্বিতীয় ইকোপার্ক হতে চলেছে উত্তরপাড়ায়, উচ্ছ্বসিত শহরবাসী

নিউটাউনের আদলে রাজ্যের দ্বিতীয় ইকোপার্ক হতে চলেছে উত্তরপাড়ায়, উচ্ছ্বসিত শহরবাসী
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: কলকাতার আদলে নতুন ইকোপার্ক তৈরি হবে হুগলির উত্তরপাড়ায়। বর্ষাবন থেকে জলসাফারি, লাইট ও সাউন্ডের খেলা থেকে বিরাট সবুজ এলাকা, সঙ্গে বিভিন্ন বিখ্যাত স্থাপত্যের আদল, সবই মিলবে উত্তরপাড়ার এই পার্কে। থাকবে অনুষ্ঠান বাড়ি থেকে মিউজিয়ামও। ইতিমধ্যেই এই প্রকল্পের কাজ শুরুর নির্দেশ দিয়েছে রাজ্যের পুরদপ্তর। উত্তরপাড়া পুরসভার জলপ্রকল্পের পাম্পিং স্টেশনের কাছে বিরাট এলাকাজুড়ে এই ইকোপার্ক তৈরি হবে। কেএমডিএ কর্তৃপক্ষ প্রকল্পটি রূপায়ণ করবে। প্রকল্পের সীমানা প্রাচীর দেওয়ার জন্য টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। রাজ্য সরকার ইতিমধ্যেই প্রায় আড়াই কিলোমিটার এলাকা ঘিরে দেওয়ার জন্য প্রায় পৌঁনে তিন কোটি টাকা বরাদ্দ করেছে।
Advertisement
পুরদপ্তরের এই উদ্যোগে বেজায় খুশি পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব। তিনি বলেন, জলপ্রকল্পের পাম্পিং স্টেশনের কাছে বিরাট জমি ছিল। আমরা পুরদপ্তরের কাছে পার্ক করার জন্য আবেদন করেছিলাম। দপ্তর সেই প্রকল্প শুধু অনুমোদন করেছে তাই নয়, কলকাতার আদলে দ্বিতীয় ইকোপার্কের জন্য উত্তরপাড়াকে নির্বাচন করেছে। ঐতিহ্যের শহর উত্তরপাড়ার মুকুটে ওই পার্ক বাড়তি পালক জুড়বে। চেয়ারম্যান আরও বলেন, প্রকল্পের সীমানা প্রাচীর তৈরির কাজ খুব দ্রুত শুরু হবে। আমরা এনিয়ে কেএমডিএ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করছি, দ্রুত প্রাথমিক পর্বের কাজ শেষ হবে। স্থানীয় শিক্ষক সজল মিত্র বলেন, উত্তরপাড়ার ক্ষেত্রে ইকোপার্কের অনুমোদন উল্লেখযোগ্য ঘটনা। নিটাউনের আদলে উত্তরপাড়ায় এমন প্রকল্প হলে এই শহরের গুরুত্ব বাড়বে। অর্থনীতির উপরেও প্রভাব পড়বে। সবচেয়ে বড় কথা কলকাতা লাগোয়া একটি জেলার বাসিন্দাদের কাছে এই পার্ক বড় আনন্দের উপকরণ হয়ে উঠবে।
রাজ্যের দ্বিতীয় বৃহত্তম জলপ্রকল্প তৈরি হয়েছে উত্তরপাড়ায়। ওই প্রকল্পের  পাশে থাকা বিরাট জমি নিয়ে পুরকর্তারা পরিকল্পনা শুরু করেন। পুরসভার কর্তাদের সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় প্রায় ১০০ বিঘা জমি আছে। একদিকে জি টি রোড, অন্যদিকে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম জলপ্রকল্প, ফলে ওই জমির গুরুত্ব আছে। এই পরিস্থিতিতে একটি বিনোদন পার্ক তৈরির পরিকল্পনা করেছিল উত্তরপাড়া পুরসভা। পরে পুরদপ্তরের পরামর্শে রাজ্যের দ্বিতীয় ইকোপার্ক প্রকল্পের পরিকল্পনা করা হয়। এক পুরকর্তা বলেন, কলকাতার ইকোপার্ক দেশের মধ্যে একটি উল্লেখযোগ্য দ্রষ্টব্য স্থান হয়ে উঠেছে। সেই পার্কের আদলে পার্ক তৈরির জন্য যথেষ্ট জায়গা রয়েছে উত্তরপাড়ায়। সঙ্গে আছে জি টি রোড ধরে যাতায়াতের সুবিধা আছে। ফলে, উত্তরপাড়ার ইকোপার্ক প্রকল্প কলকাতা শহরতলির একাধিক জেলার মানুষের কাছে বিকল্প দ্রষ্টব্য হয়ে উঠবে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, পুরদপ্তর ইতিমধ্যেই ২ কোটি ৭৮ লক্ষ ৮৭ হাজার ৫৮৯ টাকা বরাদ্দ করেছে। শীঘ্রই প্রকল্পের কাজ শুরু হবে।  নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ