অ্যাকশন ঘরানার ছবি পরিচালনায় সিদ্ধহস্ত তিনি। এবার স্বাদ বদল করতে চলেছেন পরিচালক রোহিত শেট্টি। প্রথমবার হরর ঘরানার ছবি পরিচালনা করবেন তিনি। শোনা যাচ্ছে, মুখ্য চরিত্রে কাস্ট করা হয়েছে অভিনেত্রী নুসরত ভারুচাকে। এক বছর ধরেই এই ছবির বিষয়ে চিন্তাভাবনা করছেন রোহিত। তবে কেবল ভৌতিক গল্প নয়, এই ছবিতে আবেগের গল্প বলবেন রোহিত। এই ঘরানায় পরিচালকের জার্নি শুরু হলেও নুসরত কিন্তু আগেই হরর ছবিতে কাজ করেছেন। তাঁর ‘ছোড়ি’ ফ্র্যাঞ্চাইজি বলিউডে জনপ্রিয়। সেই ছবিতে নুসরতের পারফরম্যান্স প্রশংসা পেয়েছে বিভিন্ন মহলে। শোনা যাচ্ছে, সেই ছবি দেখেই নুসরতকে পছন্দ করেছেন রোহিত। যদিও এখনও পর্যন্ত এ প্রসঙ্গে বিস্তারিত কিছু জানানো হয়নি। বর্তমানে চিত্রনাট্যের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে শ্যুটিং শুরু হবে চলতি বছরই।



