Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এবার বিদ্রোহী তৃণমূল সাংসদদের সংখ্যা বেড়ে ২২, দাবি কাকলির

বিদ্রোহী তৃণমূল সাংসদদের সংখ্যা ২০ থেকে বেড়ে ২২ হচ্ছে, দাবি কাকলি ঘোষ দস্তিদার। আগামীকাল স্পিকারের সঙ্গে বৈঠক। বিস্তারিত পড়ুন।

এবার বিদ্রোহী তৃণমূল সাংসদদের সংখ্যা বেড়ে ২২, দাবি কাকলির
  • ১৪ জুন, ২০২৬ ১৭:৩৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০ নয় এবার বিদ্রোহী তৃণমূল সাংসদদের সংখ্যা বেড়ে হচ্ছে ২২। আজ, রবিবার এমনই চাঞ্চল্যকর দাবি করলেন কাকলি ঘোষ দস্তিদার। বলেন, সংখ্যাটা বলেছিলাম ২০, আসলে তা ২২। জানা গিয়েছে, এদিনই নয়াদিল্লি যাচ্ছেন বিদ্রোহী শিবিরের সাংসদরা। আগামীকাল অর্থাৎ সোমবার সংসদের স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠকও করবেন। সূত্রের খবর, স্পিকারের সঙ্গে বৈঠক করে আলাদা বসার পাশাপাশি পৃথক সংসদীয় গোষ্ঠী হিসেবে স্বীকৃতির দাবিও জানাতে পারেন তাঁরা। তার আগে আজ কলকাতা থেকে নয়াদিল্লি যাওয়ার ঠিক আগেই বারাসতের ৪ বারের সাংসদ কাকলি জানান, তাঁদের সংখ্যা আপাতত ২০। তবে শীঘ্রই তা বেড়ে ২২ হচ্ছে। ইতিমধ্যেই আরও ২ জন বিদ্রোহী তৃণমূল সাংসদ তাঁদের সঙ্গে না কী যোগাযোগ করেছেন। খুব শীঘ্রই, সম্ভবত আগামীকালই দলে যোগ দিতে পারেন তাঁরা। ফলে বিদ্রোহী দলের সংখ্যা ২০ থেকে বেড়ে ২২ হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। কিন্তু এই ২ জন সাংসদ কারা সে বিষয়ে কাকলিকে জিজ্ঞাসা করা হলে কিছুই বলতে চাননি তিনি। বলেন, আগে তাঁরা শিবিরে আনুষ্ঠানিকভাবে যোগদান করুন তারপরই তাঁদের নাম জানানো হবে। ইতিমধ্যেই শেষ মুহূর্তে চমক দিয়ে বিদ্রোহী দলে নাম লিখিয়েছেন বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। তিনিই বিক্ষুব্ধ তৃণমূল শিবিরের দলনেতা এবং কাকলি ঘোষ দস্তিদার মুখ্যসচেতক হতে চলেছেন বলে কানাঘুষোয় শোনা যাচ্ছে। কাকলির পাশাপাশি মালা রায়, সায়নী ঘোষ, প্রসূন বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, বাপি হালদার এবং দেবও ইতিমধ্যেই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ