Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

নিউ বারাকপুরে  বিজেপি নেতার  পুলিস হেফাজত

নিউ বারাকপুরে  বিজেপি নেতার  পুলিস হেফাজত
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বরানগর: নিউ বারাকপুরে গৃহবধূকে বিবস্ত্র করে মারধর ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার ঘটনায় ধৃত বিজেপি নেতাকে বুধবার বারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিসের দাবি মতো ধৃত বিপ্রদাস বসুকে বিচারক পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। তবে ওই ঘটনায় এখনও বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করা যায়নি। পুলিস জানিয়েছে, বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। 
Advertisement
আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, মারধর, যৌন হেনস্তা সহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। প্রসঙ্গত, সোমবার নিউ বারাকপুরের ৭ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন রোডে জমি সংক্রান্ত বিবাদে উত্তেজনা ছড়িয়েছিল। ওই ঘটনায় অনুপমা সরকার ও তাঁর স্বামী সৌরভ সরকারকে মারধর করা হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, প্রতিবেশী বিজেপি নেতা বিপ্রদাস বসু ও মমতা সরকারের নেতৃত্বে হামলা চালানো হয়। রাস্তায় অনুপমাদেবীকে বিবস্ত্র করেও মারধর করা হয়। সেই অপমানে মঙ্গলবার সকালে অনুপমাদেবী আত্মঘাতী হন। সুইসাইড নোটে তিনি অভিযুক্তদের দায়ী করেছিলেন। এলাকাবাসী পুলিস নিষ্ক্রিয়তার অভিযোগও জানিয়েছিলেন।
অন্যদিকে, খড়দহে জলে তলিয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম অঙ্কুশ গোপ (১৮)। পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে খড়দহ থানা এলাকার  বি সি সেন রোড শক্তিপুরের একটি পুকুরে নেমে অঙ্কুশ তলিয়ে গিয়েছিলেন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ