Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নিত্যযাত্রীদের দাবি মেনে ট্রেনের সময় বদল পূর্ব রেলের

নিত্যযাত্রীদের দাবি মেনে ট্রেনের সময় বদল পূর্ব রেলের
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, সিউড়ি: কয়েকদিন আগে সিউড়িতে নিত্যযাত্রীদের বিক্ষোভের পর পরিবর্তন করা হচ্ছে সাঁইথিয়া-অণ্ডাল বিকেলের মেমু প্যাসেঞ্জারের সময়। বৃহস্পতিবার পূর্ব রেলের তরফে তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে একটি বিজ্ঞাপ্তি জারি করে একথা জানানো হয়েছে। এই রুটের নিত্যযাত্রীদের অভিযোগ ছিল, গত মাসখানেক আগে সাঁইথিয়া-অণ্ডাল মেমু সহ পূর্ব রেলের প্রচুর ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছিল। সেই তালিকায় ছিল সাঁইথিয়া-অণ্ডাল বিকেলের মেমু প্যাসেঞ্জারও। উল্লেখ্য, গত ২ জানুয়ারি এই ট্রেনের সময় পরিবর্তনের দাবি জানাতে সিউড়িতে ট্রেনের সামনে অবরোধের চেষ্টা করেন নিত্যযাত্রীদের একাংশ। যদিও পুলিস তাঁদের অবরোধ থেকে বিরত করে। তাঁদের দাবি ছিল, এই ট্রেনটিকে আগের সূচি অনুযায়ী চালাতে হবে। তার কারণ, ট্রেনটি ধরার জন্য অফিস ফিরতি নিত্যযাত্রীরা লাভপুর, আহমদপুর, পুরন্দরপুর, কড়িধ্যা থেকে সড়ক পথে বিভিন্ন ভাবে এসে সিউড়িতে আসতেন। কিন্তু ট্রেনের সময় এগিয়ে আনায় বিপাকে পড়েছিলেন তাঁরা। অভিযোগ, এই ট্রেনটি কোনও কারণে ধরতে না পারলে সিউড়ি থেকে পরের ট্রেন রাত্রি আটটায়। ফলে অফিস ফিরতি যাত্রীরা সমস্যায় পড়ছিলেন। অবশেষে সেই দাবি মেনে ট্রেনটির নতুন সময়সূচি ঘোষণা করল রেল। রেলের বিজ্ঞপ্তিতে নতুন সময় অনুযায়ী এই ট্রেন সাঁইথিয়া থেকে ছাড়ার সময় হতে চলছে ৪টে ২৫ মিনিট এবং সিউড়ি থেকে ৪টে ৪৫ মিনিটে। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকেই এই নতুন সময়ে ট্রেনটি চলার কথা ঘোষণা করেছে রেল। পূর্ব রেলের এক আধিকারিক বলেন, যাত্রীদের সুবিধার জন্য আসানসোল ডিভিশনের একটি মেমু ট্রেনের সময় একটু পরিবর্তন করা হচ্ছে। সাঁইথিয়া অণ্ডাল বিকেলের মেমু ট্রেনের সময় পরিবর্তন হবে ১ ফেব্রুয়ারি থেকে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ