পাটনা: আগামী ১৫ ডিসেম্বর বিহারে ‘মহিলা সংবাদ যাত্রা’-র সূচনা করবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তার আগে জেডিইউ প্রধান সম্পর্কে মন্তব্যের জেরে বিতর্কে জড়ালেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। তাঁর এই মন্তব্য ‘অশালীন’ বলে তোপ দেগেছে রাজ্যের শাসক শিবির। পশ্চিম চম্পারণের বাল্মিকীনগর থেকে সূচনা হবে নীতীশের কর্মসূচির। সেখানে মহিলা, ‘জীবিকা দিদি’দের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। খতিয়ে দেখবেন ‘সাত নিশ্চয়’ প্রকল্পের অগ্রগতি। সম্প্রতি সাংবাদিকদের এবিষয়ে লালু বলেন, ‘আগে মুখ্যমন্ত্রীকে দৃষ্টিসুখ নিতে দিন।’ এরপরেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক। উপ মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সম্রাট চৌধুরীর তোপ, ‘মুখ্যমন্ত্রীকে নিয়ে আরজেডি সুপ্রিমোর এই মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আগে ভাবতাম উনি শারীরিকভাবে অসুস্থ। এখন মনে হচ্ছে মানসিক দিক থেকেও উনি সুস্থ নন।’ ঘটনায় লালুকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন জেডিইউ মুখপাত্র নীরজ কুমার। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের চোখে চোখ রেখে কথা বলার সাহস কারও নেই।’ জেডিইউ নেতা রাজীব রঞ্জনের কটাক্ষ, ‘লালুজির আসল চরিত্র সামনে চলে এসেছে।’



